যুগের চিন্তা রিপোর্ট;করোনাভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন জেলায় নতুন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলা লকডাউন করা হচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) গাইবান্ধা ও কুমিল্লা লকডাউন করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) ভোর থেকে নোয়াখালীতে লকডাউন কার্যকর হবে।
কুমিল্লা : শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা জেলা লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে কুমিল্লা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে, জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। কুমিল্লা জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এই লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে।
গাইবান্ধা : শুক্রবার বিকেল ৫টা থেকে গাইবান্ধা জেলা অনির্দিষ্টকালে জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদর উপজেলায় শুক্রবার বিকেল ৫টা থেকে লকডাউন কার্যকর হয়েছে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নোয়াখালী : শনিবার (১১ এপ্রিল) ভোর ৬টা থেকে লকডাউন থাকবে নোয়াখালী জেলা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস।
জেলা প্রশাসক বলেছেন, নোয়াখালীর ভেতরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা, যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসাকর্মী, অ্যাম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


