যুগের চিন্তা রিপোর্ট: বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুপ্রাপ্ত আসামী আব্দুল মাজেদের সঙ্গে তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী।
জেলা সুপার জানান, আসামী আব্দুল মাজেদের স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য তার সঙ্গে দেখা করে কারাগার ত্যাগ করেছেন।
সূত্র জানায়, খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে মো. আবুল, তরিকুল ও সোহেলসহ ১০ জন জল্লাদের একটি দল তৈরি করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তবে কারা কর্তৃপক্ষের একাধিক ব্যক্তিকে ফোন করেও ফাঁসির সময় জানা যায়নি।
বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। গত সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গত মঙ্গলবার আব্দুল মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে বুধবার (৮ এপ্রিল) আব্দুল মাজেদ প্রাণভিক্ষার আবেদন করলে তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার মৃত্যুদণ্ডে রায় যেকোনো সময় কার্যকর হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


