যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি নিয়ম আরোপ করে সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। সরকারের এই আদেশে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এবারের সাধারণ ছুটিতে জনগণের উদ্দেশে বেশকিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। যা আগের ছুটিতে ছিল না। এবারের ছুটিকে অন্যান্য সাধারণ ছুটির মতো মনেও করা যাবে না।
এতে বলা হয়েছে, বর্ণিত ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। ছুটিকালীন নিম্নে বর্ণিত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।
১। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
২। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবাইকে অনুরোধ করা হলো।
৩। সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।
৫। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানান, এবারের ছুটিতে বেশকিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। যাতে জনগণের ঘরে নিরাপদে অবস্থান শতভাগ নিশ্চিত করা যায়। তারপরও যারা জরুরি প্রয়োজন ছাড়া আইন না মেনে ঘর থেকে বের হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে। সবমিলিয়ে ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


