যুগের চিন্তা রিপোর্ট: কোভিড-১৯ চিকিৎসার সাহায্যে বাংলাদেশে ১৫জন চিকিৎসক পাঠাবে চীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ায় চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা দূতাবাস থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চীনা দূতাবাসের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশকে চীনের পক্ষ থেকে করোনাভাইরাসের মহামারিতে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
নভেল করোনাভাইরাস মোকাবেলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


