Logo
Logo
×

স্বদেশ

দেশে করোনায় আক্রান্ত ১৫ জন সুস্থ, নতুন কেউ আক্রান্ত হয়নি

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৪:০৪ পিএম

দেশে করোনায় আক্রান্ত ১৫ জন সুস্থ, নতুন কেউ আক্রান্ত হয়নি
Swapno

ডেস্ক রিপোর্ট : দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি।

 

শনিবার বেলা ১২টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান।

 

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এর আগে দেশে মোট করোনায় আক্রান্ত ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে মোট ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি এবং ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

তিনি জানান, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা সবাই মৃদু আক্রান্ত ছিলেন। সুস্থ ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী। 

 

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইনে কল এসেছে তিন হাজার ৪২৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ জনের। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৬৮ জনের। ব্রিফিংয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি।

 

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। 

 

এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৯০ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৭ হাজার ৩৭০ জন।

 

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। 

 

বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি একাধিক এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন