নয় মাসে ১০৩ হত্যা, বাড়ছে চুরি ছিনতাই
বেপরোয়া অপরাধী চক্র
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
শিল্প, বাণিজ্য ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ হলেও বিগত সময়ে অপরাধীদের নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছিল। শামীম ওসমানের আমলেও এখানে সাত খুনের মত ঘটনা ঘটে অনায়েসে। তাছাড়া বিএনপি সরকার দায়িত্বে আসার পরে মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় থাকে। কেননা দিনে দুপুরের ছিনতাইয়ের ঘটনা হরহামেশায় ঘটছে। বিশেষ করে চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কোনো কিছুই যেন নিয়ন্ত্রণে নেই। তবে এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জে আসার পর মাদকে ব্যপক অভিযান চালিয়ে প্রশংসিত হয়েছে। তার পরেও অপরাধের বিস্তার ঘটছে প্রকাশ্যে, অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে, আর আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কার্যকারিতা নিয়ে বাড়ছে প্রশ্ন। কিন্তু অপরাধীদের আশ্রয় দিচ্ছে ক্ষমত্সাীন দলের নেতারা এই অভিযোগকে এড়িয়ে যাওয়া যায় না।
এদিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। রূপগঞ্জের তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকার ঘটনা। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্জন বিলে ডেকে নিয়ে হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। এর আগে নারায়ণগঞ্জে এর আরবি সহ ফতুল্লা থানা পুলিশের সদস্যরা মাসদাইরে মাদকের বিরুদ্ধে অভিযান চালালে পুলিশ হামলার শিকার হন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, আহত আবুল কালামের কর্মস্থল হবিগঞ্জে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে গত নয় মাসে নারায়ণগঞ্জে ১০৩ খুনের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের অপরাধ পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য হত্যাকাণ্ডের পরিসংখ্যানই যথেষ্ট। চলতি বছরের প্রথম নয় মাসে জেলায় ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১১টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে একটি পরিবার, স্বজন হারানোর আর্তনাদ এবং নিরাপত্তাহীনতায় ভোগা একটি সমাজ। নভেম্বরে পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যার ঘটনা সারাদেশে ব্যাপক উদ্বেগ তৈরি করে।
গত অক্টোবর মাসে মাত্র সাত দিনের ব্যবধানে দুই যুবদল নেতা হত্যাকাণ্ডের শিকার হন। রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে সাহেব আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাড়মোড়া এলাকায় হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনে মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাসেল (৩৬) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সত্যিই কতটা আন্তরিক? অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, নাকি প্রতিটি ঘটনার পর তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে প্রশাসন?
এসব ঘটনার পেছনে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, ডিশ ও ইন্টারনেট ব্যবসার আধিপত্য, রাজনৈতিক বিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতার মতো বিষয় উঠে এসেছে। ঘটনা ঘটার অপরাধীরা গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে যায়।
অপরাধ নিয়ন্ত্রণে শুধু অভিযান, সভা-সেমিনার কিংবা আশ্বাস যথেষ্ট নয়। প্রয়োজন অপরাধের মূল হোতাদের শনাক্ত করা, মাদকের সরবরাহ ও অর্থের উৎস বন্ধ করা, অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকারী চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ অভিযান এবং প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা। তদন্তের নামে দীর্ঘ সময় অতিবাহিত না করা।


