Logo
Logo
×

নগর জুড়ে

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে

এমপি কালাম পুত্র বিএনপি নেতা আশাকে শোকজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

এমপি কালাম পুত্র বিএনপি নেতা আশাকে শোকজ
Swapno

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্র এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। নোটিশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্নভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করায় আবুল কাউসার আশার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে কারণ দর্শাতে বলা হয়। গতকাল ২৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। তারা দুইজনেই জানান, ‘কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’




শোকজ নোটিশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই শীর্ষ নেতা উল্লেখ করেন, আবুল কাওসার আশা দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন, তাদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নে বসবাসকারী শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বার সহ অন্যান্যদের সাথে বিভিন্ন ছবি তার প্রমাণ করে। যার কারণে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন এবং দলের ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন। যার কারণে বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরী হয়েছে। আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গভীর সম্পর্ক রেখে নিজের ও দলের সাংগঠনিক অবস্থা এবং দলের নেতাকর্মীদের মনে রক্তক্ষরণ করে তাদেরকে মানসিকভাবে দুর্বল করেছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক। উক্ত রূপে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আপনার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




শোকজ লেটারের অনুলুপির বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক বরাবর অনুলিপি পাঠানো হয়। শোকজ লেটারের বিষয়ে অ্যাডভোকেট আবুল কালামের পুত্র এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশা বলেন, ‘আমি শোকজের বিষয়ে উত্তর কেন্দ্রে জমা দিবো। তিনি বলেন, আক্তার হোসেন মোল্লা নির্দলীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। হাবিবুর রহমান বিএনপির কর্মী ও বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
অন্যদিকে, আইয়ুব মেম্বার আগে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নেওয়ার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে দাবি করেন আশা।



আশার অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ৫ আগষ্টের পর মামলা-বাণিজ্য এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতা ও মাদক ব্যবসায়ীদের জামিন করানোর বিরোধিতা করায় তিনি একটি পক্ষের বিরাগভাজন হয়েছেন বলেও দাবি করেন।’  



উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ৭ মার্চ ছেলে আবুল কাউসার আশাকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। দীর্ঘদিন ধরে ওসমান পরিবারের সঙ্গে সখ্যতা রাখা এবং বর্তমানে ত্যাগী নেতাদের বদলে ‘হাইব্রিড’ নেতাদের প্রাধান্য দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।



তাছাড়া অভিযোগ রয়েছে, দীর্ঘ ১৭ বছর ধরে ওসমান পরিবারসহ বন্দরের জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক রেখেই পথ চলতেন আশা। তা ছাড়া সর্বদা সেলিম ওসমানের বিভিন্ন পোগ্রামে অংশ নিতেন এই বিএনপির আবুল কাউসার আশা। এমন নানান ছবি দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তা ছাড়া গত কয়েকবার নাসিক ২৩ নং ওয়ার্ডের কাউন্সিল হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এমন কর্মকাণ্ডে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অনেকেই এখনো প্রত্যাশিত মূল্যায়ন ও রাজনৈতিক সুযোগ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্ব না দিয়ে হাইব্রিড নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে দলের দুঃসময়ে পাশে থাকা নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে। অনেক রাজপথের ত্যাগী নেতাকর্মীদের অনেকে আবুল কালাম এমপি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। বর্তমানে আ.লীগ ও জাপা নেতাদের সঙ্গে নিয়েই চলছে এই আশা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন