না.গঞ্জ ক্লাব নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও অভিজাত সামাজিক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ২৪ নভেম্বর সভাপতি পদে তিন প্রার্থী সহ সিনিয়র সহ সভাপতি ১ জন, সহ সভাপতি ২ জন এবং পরিচালক পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন। তারই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বুধবার রাতে ১৭ জন প্রার্থীর সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ক্লাবের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা, হিসাব-নিকাশ ও নির্বাচনী তৎপরতা। বিশেষ করে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় এবারের নির্বাচন ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ একক প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়া এখন ঘোষনার অপেক্ষায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন, এম এ বাতেন, মাহবুবুর রশিদ জুয়েল ও মারুফ আহাম্মেদ। সহসভাপতি পদে রয়েছেন দুইজন প্রার্থী তারা হলেন, সাদেকুস সামাদ রিপন ও মোহাম্মদ তাইজুদ্দিন আহাম্মদ। এছাড়া পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। তারা হলেন, আক্তার হোসেন, দিলারা মাসুদ ময়না, এড. ইন্দ্রজিৎ সাহা দিপক, মোহাম্মদ আলী সোহেল, নায়ার সুৃলতানা, রেজওয়ানুর রহমান বাধন, সাইদুল হক লিপন, সেলিম রেজা সিরাজী, হাজী মো: শহীদুজ্জামান শরীফ, এড. শেখ মো: গোলাম মুর্শেদ গালিব ও উজ্জল হোসাইন। সব মিলিয়ে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। অন্যদিকে সিনিয়র সহসভাপতি পদে মারুফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলা চলে। এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না।
আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে নারায়ণগঞ্জ ক্লাবের ২০২৭ সালের পরিচালনা পরিষদের নেতৃত্ব। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৩শত ৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৬৩১জন। মহিলা ভোটার ৭৫৪ জন। নারায়ণগঞ্জ ক্লাবের এবারের নির্বাচন তাই শুধু পদ-পদবির লড়াই নয়, বরং আগামী দিনের পরিচালনা, উন্নয়ন ও ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব কারা পাচ্ছেন, সেটিও নির্ধারণ করবে।


