Logo
Logo
×

নগর জুড়ে

পোষ্যরা গ্রেপ্তার হলেও, অধরা মাদকের রাঘববোয়ালরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

পোষ্যরা গ্রেপ্তার হলেও, অধরা   মাদকের রাঘববোয়ালরা
Swapno

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে মাদক ডিলারদের সহযোগী বা 'পোষ্যরা' গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতা ও রাঘববোয়ালরা। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন যেন বর্তমানে 'দ্বিতীয় টেকনাফে' পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনকে ম্যানেজ করে একটি প্রভাবশালী সিন্ডিকেট কাশীপুরের অলিগলিতে মাদক ছড়িয়ে দিচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এই মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন বাবুরাইল বড় বাড়ির বদুর ছেলে শীর্ষ মাদক ডিলার সবুজ।মাদকের এই ভয়াল থাবা থেকে এখন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপদ নয়। চলতি বছরের মে মাসসহ গত কয়েক বছরে কাশীপুরে পুলিশ একাধিকবার মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে।



সর্বশেষ  গত রোববার (২২ নভেম্বর) রাতে মাদক কারবারিদের হাতে প্রাণ হারালেন এক পুলিশ সদস্য।  পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুস সাত্তারের নেতৃত্বে সাদাপোশাকে পুলিশের একটি দল ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যায়। ওই দলে ছিলেন কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় মাদক কারবারি ও দুষ্কৃতকারীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কনস্টেবল আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। দ্রুত তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পালানোর চেষ্টাকালে তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন-ডেভিডের ভাই আবদুল্লাহ, সহযোগী সামাদসহ চারজন এবং র‌্যাব-১১-এর (এসআরবি-১১) হাতে গ্রেপ্তার হওয়া আদর ও আজাদ।   স্থানীয় সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই ডেভিড বাহিনী মূলত তাঁতিপাড়া এলাকার শীর্ষ ডিলার সবুজের 'পোষ্য'। পাশাপাশি তারা তাসলিম এলাকার পালিত লোক এবং বাঁশমুলির রাজু ও সাজু প্রধানের মাদক ব্যবসার সহযোগী হিসেবেও পরিচিত।সূত্র আরও জানায়, শুধু কাশীপুর নয়, সদর উপজেলা ও বন্দর এলাকাতেও সবুজের মাদকের জাল বিস্তৃত। অভিযোগ রয়েছে, বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক পদধারী নেতা মাসোয়ারার বিনিময়ে এই মাদক ব্যবসাসহ নানা অপকর্মে শেল্টার (আশ্রয়) দিয়ে আসছেন। বর্তমানে সিসি ক্যামেরার নজরদারিতে কাশীপুরের তাঁতিপাড়া, নাগবাড়ি, বাবুরাইল, আমবাগান, হাশেমবাগ, দেওভোগ মাদ্রাসা, তাসলিমপট্টি, মিয়াপাড়া, পশ্চিম ও পূর্ব নগর, ব্যাংক কলোনি, খিলমার্কেট, প্রধানবাড়ি, বাঁশমুলি ও হোসাইনীনগরসহ বিভিন্ন অলিগলি মাদকের আস্তানায় পরিণত হয়েছে।



এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে কাশীপুরে মাদকের মূল নিয়ন্ত্রক সবুজ ও তাঁর ভায়রা ভাই মামুন। সবুজের সরবরাহকৃত মাদকেই দেওভোগ মাদ্রাসা, তাসলিমপট্টি ও হাশেমবাগ এলাকা নিয়ন্ত্রণ করেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসলিম ও তাঁর ছেলে ছাত্রলীগ নেতা রিদোয়ান। পুলিশ হত্যায় গ্রেপ্তার ডেভিড, আবদুল্লাহ, কামাল, চক্ষু হৃদয় ও সামাদরা তাঁদেরই ছত্রছায়ায় থাকা লোক। একইভাবে সবুজের মাদকের চালান নিয়ে প্রধানবাড়ি ও বাঁশমুলি এলাকা নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজু প্রধান, সাজু প্রধান এবং রাশেদ বাহিনী। এভাবেই সবুজের মাদক ছড়িয়ে পড়ছে সৈয়দপুর, নরসিংপুর, চাষাড়া, ১ নম্বর গেইট, শহীদনগর, নিতাইগঞ্জ, পাইকপাড়া ও মাসদাইর, বন্দরসহ বিভিন্ন এলাকায়।
এ ছাড়া অভিযোগ রয়েছে, কক্সবাজার থেকে বড় ইয়াবার চালান আনার পাশাপাশি স্থানীয়ভাবে মেশিনের সাহায্যে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছোট ইয়াবা তৈরি করে পুরো নারায়ণগঞ্জকে মাদকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন পূর্বে প্রশাসনের পক্ষ থেকে বাঁশমুলি ও আশপাশের এলাকায় দফায় দফায় অভিযান চালানো হলেও প্রতিবারই কেবল নিচের সারির 'পোষ্যরা' গ্রেপ্তার হচ্ছে, আর মূল হোতারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। তা ছাড়া তাঁতিপাড়া ও বাবুরাইল এলাকায় পুলিশের অভিযান নেই বললেই চলে। পুলিশের ওপর বারবার হামলার ঘটনায় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে রাঘববোয়ালদের কাছ থেকে বখরা নেওয়ার প্রশ্নও উঠছে জনমনে।



সচেতন মহলের আশঙ্কা, চিহ্নিত এই বড় ডিলারদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আগামীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আরও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আমাদের অভিযান অবহৃত রয়েছে। ইতিমধ্যে মাদক ব্যবসীসহ পুলিশ হত্যার আসামীদের গ্রেফতার করছি। এমনকি কাশীপুরে কারা কারা মাদক ব্যবসার ডিলার সেই তথ্য নিয়ে দ্রুত রাঘববোয়ালদের গ্রেফতার করা হবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন