Logo
Logo
×

নগর জুড়ে

পুলিশ কনস্টেবল হত্যায় ধূম্রজাল

প্রশাসনিক ত্রুটির আড়ালে মূল অপরাধীরা?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রশাসনিক ত্রুটির আড়ালে  মূল অপরাধীরা?
Swapno

নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে নেই কোনো দৃশ্যমান সাঁড়াশি অভিযান। এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী এএসআই আব্দুস সাত্তারকে প্রকাশ্যে না আনা এবং আসামিদের পরিচয় স্পষ্ট না করায় পুরো ঘটনাটি ঘিরে জনমনে গভীর ধূম্রজাল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা সাদা পোশাকে ফতুল্লা থানা এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান। সেখানে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তা ছাড়া মূল ঘটনাকে ঘিরে সামনে আনতে একজন এডিশনাল এসপির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হলেও কি তদন্ত চলছে তা নিয়ে ও প্রশ্ন জনমনে।



গত সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘটনার ৭২ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। সচেতন মহলের প্রশ্ন—হামলার সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও জেলা পুলিশ কেন তাঁকে গণমাধ্যম বা জনসমক্ষে আনছে না? তিনি তো সরাসরি হামলাকারীদের দেখেছেন। তবে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেন এখনো অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না?
প্রশাসনিক ত্রুটি বনাম ফৌজদারি অপরাধ



তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এএসআই আব্দুস সাত্তারের নিজ কর্মএলাকার বাইরে যাওয়া, সাদা পোশাকে দায়িত্ব পালন এবং মুভমেন্ট রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ না থাকার মতো প্রশাসনিক অনিয়মের বিষয়টি সামনে এসেছে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। কোনো কর্মকর্তা বিধিবহির্ভূত কাজ করলে পদমর্যাদা বিবেচনা না করেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু প্রশাসনিক ত্রুটির আলোচনার আড়ালে মাদক কারবারিদের দৌরাত্ম্য এবং একজন পুলিশ সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন গৌণ হয়ে না যায়। আইনের চোখে দায়িত্বে অবহেলা এবং পুলিশ হত্যা—উভয়ই সমানভাবে বিচারযোগ্য।
নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগ



সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশের নিজস্ব নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা। যে এলাকায় পুলিশ সদস্যরা তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হলেন, সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে আগাম কী ব্যবস্থা ছিল? পুলিশের গতিবিধি কি আগে থেকেই অপরাধী চক্রের কাছে ফাঁস হয়ে গিয়েছিল?



সূত্র জানিয়েছে, সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ হাসেমবাগ এলাকা যেন এক মৃত্যুকূপ। গত একযুগেরও বেশি সময় ধরে এই হাসেমবাগ এলাকায় চলছে সন্ত্রাসী কার্যক্রমের আধিপত্য যেখানে "পান থেকে চুন খসলেই হচ্ছে খুন"। যেখানে নিরাপদ নয় খোদ প্রশাসনও। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কয়েক বছর যাবৎই এই এলাকা জুড়ে চলমান ছিনতাই, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। যা পরিচালনায় বিগত দিন থেকেই ছিলেন, শীর্ষ সন্ত্রাসী হাসান গ্রুপ, আজাদ গ্রুপ, নাজির গ্রপ, তাসলিম গ্রুপ, তুহিন-নিক্সন-চান্দু গ্রুপ এদের দ্বারা পরিচালিত হয়ে আসছিলো এই এলাকার অপরাধ জগৎ।



এদিকে হাসানের মুত্যুর পর এই এলাকা গত প্রায় ১০ বছরের অধিক সময় যাবৎ এই হাসেমবাগ ও তাসলিমপট্টি এলাকা নিয়ন্ত্রণে রয়েছেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসলিম ও তার ছেলে রিদওয়ান তার তাদেরই চ্যালা হিসেবে পরিচিতি জনি, ডেভিড, আব্দুল্লাহ, কামাল ওরফে ভাইগ্না কামাল, চক্ষু হৃদয়, আকাশ ও রাসেল অপরাধচক্রের মূল চালিকাশক্তি। বর্তমানে দল ক্ষমতায় না থাকায় তাসলিমের পাশাপাশি মাসদাইর কেন্দ্রিক অন্য একটি বলয়সহ পাশেই নাগবাড়ির মাঠ দখলে রাখা এক ছাত্রদল নেতার শেল্টারসহ বাবুরাইলের কিছু শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা দাবি করা সেই সন্ত্রাসীদের শেল্টার পেয়ে চালাচ্ছে একের পর এক অপকর্ম। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং বাড়িঘর লুটপাটের নানা অভিযোগ রয়েছে। এদিকে নানা সময় বিভিন্ন্ ঘটনায়কে কেন্দ্র করে এই হাসেমবাগ আলোচনায় থাকলে ও এবার ভিন্ন রূপে এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় ফের আলোচনায় উঠেছে এই হাসেমবাগ। ইতিমধ্যে এই এলাকায় মাদকের ভাগসহ নানা আধিপত্যকে ঘিরে প্রায় ১০টির অধিক হত্যা ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সূত্র।




নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে মাদক, সংঘর্ষ ও অপরাধ প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে কর্তব্যরত একজন পুলিশ সদস্যের এমন মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থাকেই সামনে এনেছে। নারায়ণগঞ্জবাসীর এখন একটাই দাবি—দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে নেপথ্যের কারণ উদ্ঘাটন করা হোক, যাতে একজন পুলিশ সদস্যের রক্তের বিচার অজানা আতঙ্ক আর প্রশ্নের ভিড়ে চাপা পড়ে না যায়।
 জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে ডেবিট বাহিনীর নাম সামনে এসেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন