ছেলের জন্মদিনে ছুটি নিয়েছিলেন আনোয়ার, ফিরলেন নিথর দেহে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ থেকে ৬০ কিলোমিটার দূরে নবাবগঞ্জে যখন কনস্টেবল আনোয়ার মোল্লার পরিবার ঘুমাচ্ছিলেন, আনোয়ারের লাশ তখন পড়ে ছিলো রাস্তায়। রাত ১টায় যখন মোবাইলে আনোয়ারের মৃত্যুর খবর পায় পরিবার। অন্য সবার সাথে জেগে উঠে আনোয়ারের দুই বছরের ছেলে আর পাঁচ বছরের মেয়েও। মোবাইলে বাবার ছবি দেখে বাবা বাবা বলে কাছে ছেলে-মেয়ে দুটোই। বলছিলেন গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে নারায়ণগঞ্জের দেওভাগে হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কনস্টেবল আনোয়ার মোল্লার ভাই শাহাবুদ্দিন মোল্লা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে আনোয়ারের পোস্টমোর্টেম যখন চলছিল, তখন সাংবাদিকদের তার ভাই জানান, আনোয়ার সবার আদরের ছিল। ২০১৮ সালে তার ভাই আনোয়ার পুলিশে যোগ দেন। নারায়ণগঞ্জের সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রবিবার দিবাগত রাতে ভাই মারা যাওয়ার খবর পান তিনি। তাঁর এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তাঁর স্ত্রী ও দুইটা বাচ্চা আছে। তাদের কী হবে। ভাইয়ের ছেলে- মেয়েদের এই কান্না সহ্য করতে পারছিনা। আমার একটাই দাবি ছোট ভাইয়ের ছেলে-মেয়ের দায়িত্ব যাতে সরকার, পরিবারের দায়িত্ব নেয়। ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। ছোট ভাইকে যখন খুন করা হলো, তিন চার ঘন্টা সেখানে লাশ পড়ে ছিল। আমার ভাইয়ের মতো অন্য কোন পুলিশ সদস্যের লাশ যাতে রাস্তায় পড়ে না থাকে। এটা সরকারের কাছে আমার আকুল নিবেদন জানাই।’
এদিকে দুপুরে নিহত আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যরা। তার মায়ের নাম হাবিয়া বেগম। কথা ছিল দুদিন পর ছেলের জন্মদিনে বাড়িতে ফিরবেন পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। সেই উপলক্ষে ছুটিও নিয়েছিলেন তিনি। তাই তার অপেক্ষায় ছিলো পুরো পরিবার। পুলিশ সদস্য আনোয়ার বাড়িতে ফিরলেন ঠিকেই, কিন্তু নিথর দেহে। এভাবে বাড়ি ফেরার খবরে আনোয়ারের বাড়িতে চলছে শোকের মাতম। আনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারি মাসে আনোয়ার বাংলাদেশ পুলিশে যোগ দেন। স্ত্রী আনিছা আক্তারের সঙ্গে তার দাম্পত্য জীবনের আট বছর। তাদের সংসারে ৬ বছর বয়সী এক মেয়ে ও দুই বছর বয়সী এক ছেলে রয়েছে।
নিহত আনোয়ারের স্ত্রী আনিছা আক্তার বলেন, দুই দিন পর ছেলের জন্মদিন। তাই ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল আনোয়ারের। রাতে ১০টার দিকে আমার স্বামীকে ফোন দিলে মোবাইল বন্ধ পাই। ভেবেছিলাম, সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে পড়েছেন। তাই আর ফোন করিনি। পরে রাত ১টার দিকে খবর পেয়েছি আমার স্বামী ছুরিকাঘাতে মারা গেছেন। এদিকে ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা হাবিয়া বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আল্লাহ, তুমি আমারে এ কী করলা! আমি এখন কী নিয়ে বাঁচবো? আমার ছেলেকে ছাড়া আমি কীভাবে থাকবো?’
রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের দেওভোগ হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আব্দুল সাত্তার। এ সময় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি গ্রুপের সদস্যরা তাঁদের চিনে ফেলে। পরে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান। নিহত আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্ত খন্দ এলাকার মৃত জত্তন মোল্লার ছেলে।
মৃত আনোয়ারের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম। তিনি জানান, আনোয়ারের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত ও ছিদ্র হয়েছে। ঘাড়ের বাঁ পাশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়েছে। এ ছাড়া নাক ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, পুলিশ যদি নিরাপদ না থাকে, তবে জনগণ কিভাবে নিরাপদ থাকবে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকষর্ণ করে বলছি, এই হত্যায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল সাত্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আনোয়ারের মরদেহ নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে জানাজা শেষে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে। এদিকে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানার সীমান্তবর্তী কাশিপুর ৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর-দেওভোগ সীমান্তের হাসেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে তাঁর মরদেহ পড়ে ছিল। রোববার রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম জানান, কোনো একটি ঘটনার তদন্তের জন্য সাদা পোশাকে একাই ঘটনাস্থলে এসেছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁর পরিচয় জানতে পেরে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘রাত প্রায় ৯টার দিকে হৈ চৈ শুনে বাসার বারান্দায় আসলে দেখি হাতে বড় বড় রাম-দা, চাকু নিয়ে প্রায় ২০/২৫ জন কিশোর একজনকে ছিনতাইকারী, ছিনতাইকারী বলে দৌঁড়াছিলেন আর ছুরিকাঘাত করছিলেন। পরবর্তীতে লোকটি পরে গেলে হাসেমবাগের ছোট মাঠের সামনে তারা এলোপাথাড়ি কুঁপিয়ে ফেলে রেখে যায়। আর সেই কিশোর সন্ত্রাসীরা বলে পুলিশকে বলা হয়েছে, পুলিশ আসছে কেউ বাসা থেকে বের হবি না।’
স্থানীয়রা জানিয়েছেন, ‘হাশেমবাগবাসীসহ গোটা এলাকার মানুষ এই কয়েকটা গুন্ডা-সন্ত্রাসীর কাছে জিম্মি এক যুগ ধরে। পুলিশ কনস্টেবল হত্যাকাণ্ডে এই এলাকার কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, আজাদ, চক্ষু হৃদয় গ্রুপ জড়িত থাকতে পারে। তাছাড়া হাসেমবাগ এলাকায় বিগত ৮ বছরে খুন হয়েছে অন্তত ১০ টি খুন হয়েছে। এলাকাবাসী জানান, একের পর এক খুন হয়, কিছুদিন পরপরই তারপর সবাই চুপ। জনপ্রতিনিধিরা কিছুই করতে পারে নাই। কিছুদিন আগে গত মে মাসে পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গিয়েছিলো কিন্তু শেষ পযন্ত কিছুই হয়নি।’ চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগে তদন্তে গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশ উপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। ওই অভিযুক্তদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল পুলিশ।


