নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগের হাসেমবাগ এলাকাটি যেন এক ভয়ংকর মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত এক যুগেরও বেশি সময় ধরে এই এলাকায় চলছে সন্ত্রাসী ও মাদক কারবারিদের একচ্ছত্র আধিপত্য। স্থানীয়দের ভাষ্যমতে, এখানে ‘পান থেকে চুন খসলেই’ ঘটে হত্যাকাণ্ড, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপদ নয়। সর্বশেষ গত রোববার রাতে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় মাদক কারবারিদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন মোল্লা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় এলাকাটি নতুন করে আলোচনায় এসেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন মোল্লা সাদা পোশাকে একটি তদন্ত ও তথ্য অনুসন্ধানের কাজে হাসেমবাগ এলাকায় যান। সেখানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধাওয়া খেয়ে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ার দুর্বৃত্তদের হাতে আটকা পড়েন। এ সময় হামলাকারীরা তার বুকে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পথচারীরা হাসেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেমবাগ এলাকার মাদক স্পটটি দীর্ঘদিন ধরে ডেভিড, কামাল ওরফে ‘ভাইগ্না কামাল’ ও আব্দুল্লাহর নেতৃত্বে একটি চক্র নিয়ন্ত্রণ করে আসছে। এলাকায় অপরিচিত কাউকে দেখলেই তারা প্রশাসনের লোক সন্দেহে হামলা চালাত। কয়েক দিন আগেও সন্ধ্যার পর অপরিচিত এক ব্যক্তিকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল চক্রটি। ধারণা করা হচ্ছে, রোববার রাতে পুলিশ সদস্যদের পরিচয় বুঝতে পেরে ডেভিড-কামাল-আব্দুল্লাহ বাহিনীই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক ছত্রছায়ায় বিগত দিনগুলোতে শীর্ষ সন্ত্রাসী হাসান গ্রুপ, আজাদ গ্রুপ, নাজির গ্রুপ, তাসলিম গ্রুপ ও তুহিন-নিক্সন-চান্দু গ্রুপের মাধ্যমে এই এলাকার ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালিত হতো। শীর্ষ সন্ত্রাসী হাসানের মৃত্যুর পর গত ১০ বছরেরও বেশি সময় ধরে হাসেমবাগ ও তাসলিমপট্টি এলাকা নিয়ন্ত্রণ করতেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসলিম ও তার ছেলে রিদওয়ান। তাদের প্রধান সহযোগী হিসেবে জনি, ডেভিড, আব্দুল্লাহ, ভাইগ্না কামাল, চক্ষু হৃদয়, আকাশ ও রাসেল পুরো এলাকার অপরাধচক্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করত। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাসলিমের পাশাপাশি চক্রটি মাসদাইরকেন্দ্রিক অন্য একটি বলয় এবং পাশের নাগবাড়ী মাঠ দখলে রাখা এক ছাত্রদল নেতার আশ্রয়ে থেকে এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বাড়িঘর লুটপাটের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হাসেমবাগ এলাকায় পুলিশের ওপর হামলা কিংবা মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। সূত্রমতে, গত এক যুগে এই এলাকায় অন্তত ১০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এর আগেও এই চক্রের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। এমনকি একটি অভিযানে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়েছিল শীর্ষ মাদক ব্যবসায়ী ডেভিড।
চলতি বছরের মে মাসেও হাসেমবাগ এলাকায় একজন সাবেক পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট চালায় স্থানীয় ‘জনি গ্রুপ’। সে সময় পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃত আসামিদের ছিনিয়ে নেয়। এ ছাড়া ২০২৩ সালের ৬ এপ্রিল পূর্ব-শত্রুতার জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আফজাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে হত্যা করে, যার বিরুদ্ধেও ১৬টি মামলা ছিল। এর আগে ২০১৮ সালে ফতুল্লার পশ্চিম দেওভোগের এই হাসেমবাগ এলাকায় শাকিল (৩০) নামে এক রিকশা গ্যারেজ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তা ছাড়া ও আরো একাধিক হত্যার ঘটনা ঘটেছে এলাকায় নীরব প্রশাসন। বর্তমানের প্রশাসনের উপর সেই সন্ত্রাসীদের হাত পরলে নড়াচড়া দিয়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এলাকাবাসীর অভিযোগ, বারবার রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই হাসেমবাগ আজ এক ভয়ংকর মৃত্যুকূপে পরিণত হয়েছে। পুলিশ কনস্টেবল হত্যার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


