একসময়ের শান্ত,সবুজ আর ছিমছাম নারায়ণগঞ্জ ছিল অনন্য সুন্দর ও গোছানো একটি জনপদ।শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই শহরটি তার ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রবীন মানুষের মনে আজও গভীরভাবে গেঁথে আছে।বিশেষ করে এই জনপদে বেড়ে ওঠা পঞ্চাশোর্ধ ব্যক্তিদের স্মৃতিতে অম্লান হয়ে রয়েছে প্রিয় জনপদের হারানো ছবি।অনেকেই চান হৃত ঐতিহ্যের কিছুটা হলেও ফিরে আসুক। অনেকে ক্রমবর্ধমান পরিবর্তনে সে আশা ছেড়ে দিয়ে শুধু স্মৃতি হাতড়িয়ে হতাশায় ভোগেন।সময়ের প্রয়োজনে নগরায়ন এবং শিলেপায়নের বাস্তবতা মেনে নিয়ে বেশকিছু হৃত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে বিশেষজ্ঞ মহলের অভিমত।এক্ষেত্রে প্রথমেই আসে শীতলক্ষ্যার নাম।দূষন মুক্ত করে নদীটির প্রাণ ফিরিয়ে দিতে পারলে তা হবে বড় অর্জন।নদী তীরবর্তী নির্দিষ্ট এলাকা দখলমুক্ত করে সবুজায়ন এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ অনেক দুর এগোলেও পুরোপুরি সম্পন্ন হয়নি,তবে এটুকু করলেই কাঙ্খিত ফল লাভ হবে না,কারণ শিল্পবর্জ্য সহ বিভিন্ন কারণে নদীর পানি দুর্গন্ধময় আলকাতরার রূপ ধারণ করেছে। নদীতীরে দু‘দন্ড টেকা দায়,পানি ব্যবহার তো দূরের কথা।দূষণমুক্ত শীতলক্ষ্যা ফিরিয়ে দিতে পারে হারানো ঐতিহ্যের অনেকটাই।
পাটশিল্পের তীর্থস্থান নারায়ণগঞ্জ ছিল পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান,সুদৃশ ভবন সমৃদ্ধ গোছানো শহর।পাট শিল্পের প্রতিটি অবকাঠামো ছিল বৃক্ষশোভিত,জলাশয় ও খেলার মাঠ সমৃদ্ধ।পাট শিল্প অবলুপ্তির পর সেসব স্থানে গড়ে উঠেছে সুউচ্চ আবাসিক ও বাণিজ্যিক ভবন, পরিবেশ ধ্বংসী শিল্প প্রতিষ্ঠান,যেখানে সবুজের লেশমাত্র নেই।কিছু পূরনো ভবন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।সময়ের প্রয়োজনে অসংখ্য বহুতল ভবন নারায়ণগঞ্জ জুড়ে দৃশ্যমান।শিল্প কারখানা বৃদ্ধির হার দেশের মধ্যে সর্বোচ্চ। বহুতল ভবন এবং শিল্পায়ন নারায়ণগঞ্জের জন্য কতটা আশির্বাদ বয়ে এনেছে এমন প্রশ্ন অনেক প্রবীনের কন্ঠে উচ্চারিত হচ্ছে।সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব অবকাঠামো নির্মিত হলে নারায়ণগঞ্জ ঐতিহ্য হারানো জনপদে পরিণত হতো না বরং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আরও সুন্দর আরও গোছানো শহরে পরিণত হতে পারতো বলে তাঁরা মনে করেন।যে নদীর কল্যাণে নারায়ণগঞ্জ প্রাচীন কাল থেকে সুন্দর,সমৃদ্ধ,সেই নদীতে ভর করেই নারায়ণগঞ্জ ফিরিয়ে আনতে পারে হারানো সৌন্দর্যের অনেকটাই।নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ছাড়াও চারদিকে অবস্হান করছে ব্রহ্মপুত্র মেঘনা বুড়িগঙ্গা ধলেশ্বরী বালু নামক নদী সমূহ। নদী তীরবর্তী অঞ্চলে সবুজায়ন,পরিকল্পিত শিল্পায়ন বা নগরায়ন হলে সমৃদ্ধি এবং সৌন্দর্যের কোনো ঘাটতি থাকার কথা নয়, শর্ত একটাই নদী দূষণ রোধ করতে হবে,সকল স্থাপনা হতে হবে পরিবেশ বান্ধব। মূল শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে।অগ্রাধিকার ভিত্তিতে রেল যোগাযোগ সম্প্রসারিত করা, প্রয়োজনীয় ফ্লাইওভার, ওভারপাস, আন্ডারপাস নির্মাণ এক্ষেত্রে অত্যন্ত জরুরি।
হারিয়ে যাওয়া সব সৌন্দর্য ফিরে পাওয়া সম্ভব নয় তবে বেশ কিছু ঐতিহ্য ফিরিয়ে আনা মোটেই কষ্টসাধ্য নয়॥ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক সময়ের সোনালী ঐতিহ্য বিলীন হতে বসেছে উপযুক্ত পরিবেশ ও সংগঠকের অভাবে।ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা অসংখ্য ক্লাব বিলীন হয়ে গেছে নয়তো চরিত্র পাল্টে শুধু বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে।খেলার মাঠ কমে আসায় এমন দৈন্যদশা তাই যে সমস্ত খেলার মাঠ বেদখল হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার অথবা নতুন ভাবে খেলার মাঠ তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্য ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের কাজ করার পরিবেশ সৃষ্টি করতে হবে।
সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলে যায় সে সবকিছু মেনে নিয়েই নারায়ণগঞ্জবাসী চায় সংশ্লিষ্ট সকল পক্ষের চেষ্টায় ফিরিয়ে আনা সম্ভব ঐতিহ্য সমূহ ফিরে আসুক নারায়ণগঞ্জের বুকে। লেখক: বহুজাতিক ওষুধ কোম্পানি ও পোশাক শিল্পের সাবেক শীর্ষ কর্মকর্তা।


