জাকির খানের ভয় দেখিয়ে হোসেনের ত্রাসের রাজত্ব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের প্রভাবে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দিয়ে আলোচনায় আসেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। এটাই প্রথম নয় জাকির খানের ভয় দেখিয়ে এই বিতর্কিত মৎস্যজীবীদল নেতা হোসেন বিরুদ্ধে কাশীপুরের নরসিংপুর জুড়ে অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে নরসিংপুর এলাকায় রুবেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে চাদাঁর দাবিতে হামলা-ভাংচুর-লুটপাট ও গুলি বর্ষনেরও অভিযোগ উঠেছিল এই হোসেনের বিরুদ্ধে। এ ছাড়া ও নরসিংপুর এলাকায় জাকির খানের চাচাতো ভাই লিংক খানকে নিয়ে জমি দখল, চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাদের টাকার বিনিময়ে শেল্টার, স্থানীয় মাদক ব্যবসায়ীদের শেল্টার, বিচার সালিশের নামে অর্থ বাণিজ্যেসহ নানা অভিযোগ রয়েছে এই এইচ. এম হোসেনের বিরুদ্ধে। আর সকল অপকর্মই জাকির খানের ট্যাগ লাগিয়ে করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে গত মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দেন।
এ ঘটনার ৯ সেকেন্ডের একটি ভিডিও গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ব্যবস্থাপক খোকনের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছেন এইচ এম হোসেন। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন তিনি। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নাম প্রকাশ না করা শর্তে রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসেছিলেন। তিনি ব্যবস্থাপকের কাছে টাকা না দিয়েও দাবি করছিলেন, টাকা দিয়েছেন। ব্যবস্থাপক টাকা না পেয়ে বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে ওই নারী মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে আবার রেস্তোরাঁয় আসেন। তখন মৎস্যজীবী দল নেতা উত্তেজিত হয়ে ব্যবস্থাপককে গুলি করে হত্যার হুমকি দেন।
জানতে চাইলে আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রফিকুল ইসলাম বলেন, রেস্তোরাঁ থেকে চার প্যাকেট খাবার নিলেও টাকা দেননি। এ জন্য ব্যবস্থাপক খাবার দিতে অস্বীকৃতি জানালে মৎস্যজীবী দলের ওই নেতা এমন হুমকি দেন। ঘটনাটি কেউ হয়তো মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। পরে ওই নেতা দোকানে এসে বলেছেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল; কিছু মনে করবেন না।’ গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে দলীয় চাপে পরে দেখানোভাবে এইচ. এম হোসেন এবং মাসদাইর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি’ দোকানের মালিক জামাল হোসেন খোকনের মধ্যকার বাকবিতণ্ডা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে এমন নাটকীয় কর্মকাণ্ড চালান।
ঘটনাস্থলে নাটকীয়তা জানিয়েছেন জেলা মৎস্যজীবী দল সভাপতি এইচ এম হোসেন। তিনি জানান, ঘটনার দিন তার স্ত্রী পপুলার থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বিরিয়ানি খাওয়ার জন্য ওই দোকানে যান এবং বিল পরিশোধ করেন। পরবর্তীতে দোকান থেকে অতিরিক্ত টাকা দাবি করা নিয়ে কথাকাটাকাটি হয় এবং বিষয়টি তার স্ত্রীর মাধ্যমে ফোনে জানার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কিছুটা অনভিপ্রেত বাকবিতণ্ডা ও মেজাজ হারানোর ঘটনা ঘটে। ঘটনাটির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এইচ এম হোসেন বলেন, “আমার ও খোকন ভাইয়ের মাঝে যা ঘটেছে, তার জন্য আমি খোকন ভাই এবং নারায়ণগঞ্জবাসীর কাছে লজ্জিত।” এছাড়া ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
সূত্র জানিয়েছেন, এই হোসেন জাকির খানের চাচাতো ভাই লিংকন খানের বন্ধু পরিচয়ে এবং ‘জাকির’ খানের নাম বিক্রি করে বক্তাবলী ঘাটসহ বক্তাবলীর একাধিক জমি নিয়ন্ত্রণ, নরসিংপুর, চর কাশীপুর, ভোলাইল, এনায়েতনগরের এতিম খানা এলাকায় অপকর্মের রাজত্ব কায়েম করছেন। তা ছাড়া চব্বিশের পর ৫ই আগষ্ট পরবর্তী জিরো থেকে হিরো বনে যাওয়ার মূল চালিকাশক্তি ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিশ্বস্ত সৈনিক হিসেবে। জাকির খানের পাশে থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে জিরো এইচ.এম.হোসেন এখন হিরোর কাতারে। আওয়ামী দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়া, নিরীহ মানুষের জমি দখলে ভুমিদস্যুদের সহযোগিতা করা, চাদাঁবাজি করাসহ এমন কোন কর্মকাণ্ড নেই নরসিংপুরের আশপাশে সব জায়গায় রয়েছে এই হোসেনের হাত। সর্বশেষ চাদাঁর দাবিতে রুবেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর এবং গুলি বর্ষনেরও অভিযোগ উঠেছিল এইচ.এম. হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে। বর্তমানে কাশীপুরে জনপ্রতিনিধি ও হতে মরিয়া এই গুলির হুমকি দেওয়া সন্ত্রাসীর। কিন্তু কোন শক্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নিচ্ছে না দলীয় হাইকমান্ড তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তা ছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা কি আটকে রেখেছেন জাকির খান এমন গুঞ্জন ও উঠছে।
জেলা মৎস্যজীবীদলের সভাপতি এইচ.এম হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানতে চাইলে তার মুঠোফোনে একাধিবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। এদিকে তুমুল সমালোচনার মুখে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন এবার গতকাল দুপুরে মাসদাইর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি’ দোকানের মালিক জামাল হোসেন খোকনকে ডেকে নিয়ে মিটমাট করার বিষয়ে সাংবাদিকদের জানান। তবে এই ঘটনার পেছনেও পেশীশক্তি ও ভয়ভীতি থাকতে পারে বলে ধারণা নাগরিক সমাজের।


