Logo
Logo
×

নগর জুড়ে

শামীম ওসমান ও আজমেরী ওসমানের পর

নিট কনসার্নের অপকর্মের ঠিকাদার বিএনপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

নিট কনসার্নের অপকর্মের ঠিকাদার বিএনপি
Swapno

ওসমানীয় সাম্রাজ্যের ফ্রন্ট লাইনে থাকা নিট কনসার্ন গ্রুপের অপকর্মের ঠিকাদারী হয়েছেন বিএনপি। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহাম্মেদ টিটুকে তথা ওসমান পরিবারকে ব্যবহার করে একচেটিয়া ভূমিদস্যুতা করে গেছেন শিল্প প্রতিষ্ঠান নীট কনসার্নের তিন কর্ণধার জয়নাল আবেদীন মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা ও মনির হোসেন মনা মোল্লা।

চব্বিশের পর বিএনপির গ্রুপকে ম্যানেজ করে ফের বেপরোয়া হয়ে উঠেছে এই ভূমিদস্যূরা। বর্তমানে বিএনপির এক হেভিওয়েট নেতাদের শেল্টার পেয়ে স্থানীয় সিদ্ধিরগঞ্জের যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের ছায়ায় সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া হয়ে উঠেছেন এই নীট কনসার্ন গ্রুপ। এবার যুবদলের শফিকের শেল্টারে নাসিক ১০ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের ঘটনায় কার্যকালাপের অভিযোগে গত বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশে নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীন মোল্লার নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মনা মোল্লা এবং তার সহযোগি সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিমকে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে দুইজনকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনলে দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে প্রায় ৫/৬ জন এসপি অফিসে যায়।

এরপর থেকেই লোকজনদের সমঝোতা করতে বিএনপির বিভিন্নস্তরের নেতারা চাপ দিয়েছে বলে জানা গেছে। একইভাবে নানাভাবে তদবির চালিয়েছে যার ফলে। রাতে দুই পক্ষের মধ্যে আপসনামা সম্পাদন ও মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস ও লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা মন্দিরের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এতে মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন বাধা দিতে পারবেন না। এ ছাড়া মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল দুই দিনের মধ্যে মিল কর্তৃপক্ষের নিজ খরচে নির্মাণ করে দেওয়ার কথা রয়েছে। মন্দিরের বিদ্যুৎ ও সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। প্রবেশপথের প্রধান ফটকের চাবি থাকবে উভয় পক্ষের কাছে। মন্দিরের জমিসংক্রান্ত বিরোধ আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।


 এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা এবং ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নীট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে গ্রুপের লোকজন আগের তালা সরিয়ে নতুন তালা লাগান। এ সময় পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাঁদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত জটিলতা এবং মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে।


আপসনামায় উল্লেখ করা হয়, শত বছরের পুরোনো এ মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। জমির মালিকানা ও পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আপসনামায় কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।


সূত্র জানিয়েছে, বিএনপির চাপেই মুচলেকায় ছাড়া পেলো আজমেরী ওসমানের বন্ধুখ্যাত এই মনির হোসেন মনা মোল্লাও তার সহযোগী। ওসমানের পরিবারিক সদস্য হিসেবে পরিচিত এই পরিবার চব্বিশের পর নিজ গার্মেন্টসের কুখ্যাত আজমেরী ওসমানকে আশ্রয় দিয়ে রাতের অন্ধকারে এখান থেকে পার করে দেওয়া এই জায়নাল,জাহাঙ্গীর, মনা এখন বিএনপির বন্ধু হয়ে উঠেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। বর্তমানে নিট কনসার্নকে কেন ভূমিদস্যূতা করতে সমর্থন দিচ্ছে বিএনপির কথিতরা তা নিয়ে ও উঠছে প্রশ্ন।


এদিকে জানা গেছে, নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিগত দিনে ওসমানদের ছায়ায় দখলে রেখেছিলেন নিট কনসার্ন গ্রুপ। যা নিয়ে মিলটির শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন যাবৎ দখলদার নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরেই দখলদার নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মিলটি দখলে নেয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। মিলটির শেয়ারহোল্ডারদের সঙ্গে মিলটির দখলদার নিট কনসার্ন গ্রুপের মধ্যে দীর্ঘ দেড় দশক ধরে বিবাদ চলে আসছে।

১৮ একর ৬৫ শতাংশের উপর গড়ে ওঠা শতবছরের পুরনো নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটি ২০০১ সালে ২১ মার্চ ৫১০ জন শেয়ার হোল্ডারদের মালিক বানিয়ে মিলটি হস্তান্তর করে তৎকালীন সরকার। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মিলটিতে প্রতি মাসে ৫০ লাখ টাকা আয় হলেও ১২ বছরে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। শেয়ারহোল্ডাররা হিসাব চাইতে গেলে তৎকালীন পরিচালনা পর্ষদ তাদের ক্যাডার বাহিনী দিয়ে আমাদের হুমকী ধমকী দিতো। এরপর মিলটির একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৪৭৩ টি শেয়ার হাতিয়ে নিয়ে নিট কনসার্ন গ্রুপের কাছে বিক্রি করে দেয়। অথচ মিলটির শেয়ার বিক্রি করা আইনগতভাবে বৈধ নয়। আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকা হলেও মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেয় নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোলা ও তার লোকজন এমনটিই অভিযোগ শেয়ারহোল্ডারদের।


৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় তাদের উপর গত ১৫ বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টীম রোলার। এক শেয়ারহোল্ডারের রিট পিটিশন অনুযায়ী ২০১৫ সালের ২১ জানুয়ারী হাইকোর্ট ডিভিশন বেঞ্চের জাস্টিস মোঃ রেজাউল হাসান নির্বাচন দেয়ার আদেশ দেন। নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ হিসেবে হাইকোর্টের আদেশে অদ্যাবধি মিলটির চেয়ারম্যান পদে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। হাইকোর্ট ঐতিহ্যবাহী মিলটির স্থাবর ও অস্থাবর সম্পদ ভাঙচুরে নিষেধাজ্ঞা জারি করলেও তাতে কোনরূপ কর্ণপাত করেনি বিগত দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ এবং নিট কনসার্ন গ্রুপের মালিকপক্ষ ও তাদের লোকজন। বরং এখনো তাদের বেআইনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণ কটন মিলের ভেতরে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করা ছাড়াও একাধিক পুকুর ভরাট করে ফেলা হয়েছে। প্রায়শই শেয়ারহোল্ডারদের উচ্ছেদের হুমকীও দেয় নিট কনসার্ন গ্রুপের ক্যাডাররা। মিলের ভেতরের দীর্ঘদিনের পুরনো মন্দিরটিও ভেঙ্গে ফেলা হয়েছে। যা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। যা সবই যুবদল নেতা শফিকের মাধ্যমেই করাচ্ছেন নিট কনসার্ন গ্রুপ।


সম্প্রতি হাইকোর্টে একটি মামলায় মিলটির বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে বিটিএমসি। ওই প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলের ৫১০ জন শেয়ারহোল্ডারের মধ্যে ৪৭৩ জন শেয়ারহোল্ডার সরকারের কোন অনুমোদন না নিয়েই অবৈধভাবে তাদের শেয়ারসমূহ নিট কনসার্ন লিমিটেড এর অনুকূলে বিক্রি করে দেন। এই অবৈধ পদক্ষেপটি উপরোক্ত শ্রমিক কর্মচারীদের মাধ্যমে উক্ত মিলের কার্যক্রমকে অব্যাহত রাখার ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যেকে নস্যাৎ বা ব্যাহত করেছে।

মিলটির বেশীরভাগ অংশ নিট কনসার্ন লিমিটেডের মালিকপক্ষ দখলে নিলেও শেয়ারহোল্ডারদের কলোনীসহ মসজিদ এলাকা এখনো দখলে নিতে পারেনি। তবে গত কিছুদিন ধরেই তারা শেয়ারহোল্ডারদের কলোনী থেকে উচ্ছেদসহ পুরো এলাকা নিজেদের কব্জায় নেয়ার জন্য হুমকী দিয়ে আসছিল। বিভিন্ন সময়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়াও দিচ্ছিল দখলদার নিট কনসার্ন গ্রুপের লোকজন। এতে করে উচ্ছেদ আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছিলেন বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী মিলটির শেয়ারহোল্ডাররা। যে কারণে শেয়ারহোল্ডাররা তাদের মালিকানা রক্ষায় সম্প্রতি জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাসিকের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছিলেন। তখনই শফিকের নেতৃত্বে সন্ত্রাসীদের মহড়া, হুমকী ধমকীতে শেয়ারহোল্ডারদের টলাতে না পেরে মঙ্গলবার রাতে মিলটির অভ্যন্তরে শেয়ারহোল্ডারদের কলোনী সংলগ্ন মসজিদের পাশে বালু ফেলতে শুরু করে দখলদার নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী। এসময় কলোনীর নারী ও পুরুষরা তাদের বাধা দিতে আসলে সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করতে থাকে। এতে শেয়ারহোল্ডার পরিবারের সদস্য এমিলি, আরমানসহ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। তাদের মধ্যে এমিলিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আন্দোলনরতরা জানান, শফিকের নেতৃত্বে হারুন ও হারুনের ছেলে রিফাত, শাহাবুদ্দিন, হেলা ও হেলার ছেলে নিজাম, সেকান্দার, ফটিক, আলাউদ্দিন, রিফাতসহ আরো অনেকে হামলার সময় উপস্থিত ছিল। নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি বকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক তরুন বেগী সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের শতবর্ষী পুরাতন নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলের অভ্যন্তরে দুর্গা মন্দির, পুকুর ও মাঠ ২০১২ সাল থেকে শিল্প প্রতিষ্ঠান নিট কনসার্ন গ্রুপ জোরপূর্বক দখলের পায়তারা করছে। মিলটি দখলের পাশাপাশি চারিদিকে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের প্রবেশ নিষিদ্ধ করে ভক্তবৃন্দের পুজা অর্চনাসহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে রেখেছে।

নিট কনসার্ন গ্রুপ অবৈধভাবে মন্দিরের ধৌতকাজে ব্যবহৃত পুকুর, প্রতিমা বিসর্জনের ঘাট এবং মন্দির প্রাঙ্গন দখলের চেষ্টা এবং ভক্তবৃন্দের প্রবেশাধিকার বন্ধ করে রেখেছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারী এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করতে একটি দরখাস্ত দেয়া হয়েছিল। গত ১৭ জুন প্রার্থনার স্থানটির স্মৃতি চিহ্ন গুড়িয়ে দেয়ার উদ্দেশ্যে অবৈধভাবে বুলডোজার দিয়ে ভাংচুর করে স্থাপনা গুড়িয়ে দেয়ার চেষ্টা করে।


এর আগে ২০২৫ সালের (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমি দখলকে কেন্দ্র করে নিট কনসার্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাঠানটুলী এলাকার সাব্বির ভূঁইয়া নিট কনসার্ন গ্রুপের ভেতরে ৪ শতাংশ জমির মালিক দাবি করে আসছেন। তিনি এ জমি দখলমুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করা অনিককে পাওয়ার নামা দলিল করে দেন। শনিবার সকালে অনিক ১৫-১৫ জন লোক নিয়ে ছাত্র-জনতার ব্যানারে জমিদখলকারী আ্যখ্যা দিয়ে নিট কনসার্ন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করে। পরে তারা শিল্পপ্রতিষ্ঠানটির দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। তখন প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের ধাওয়া দেয়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


তা ছাড়া পাঠানটুলীবাসীর অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জে স্থানীয় প্রভাবশালী শিল্প গ্রুপ 'নীট কনসার্ন গ্রুপ'-এর বিরুদ্ধে খাল দখলের বা তাদের প্রভাবে খাল সংস্কার কাজ বাধাগ্রস্ত। আর এই খাল সংস্কার কাজ থমকে যাওয়ায় ওই অঞ্চলের নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতাসহ নানা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যা নিয়ে এর আগেও নারায়ণগঞ্জের বিভিন্ন নদী ও খাল এলাকায় পরিবেশ দূষণ এবং অবৈধ দখলবিরোধী অভিযানে নীট কনসার্ন লিমিটেডসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এদিকে গত ২০১৯ সালে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহম্মেদ মন্টুও তার সম্পত্তি জোরপূর্বক আত্মসাতের অভিযোগ তুলেছিলেন এই প্রতিষ্ঠানের মালিক জয়নালের বিরুদ্ধে।

তাছাড়া ২০১৫ সালে মোহাম্মদ মশিউর রহমান, শ্যামলী আক্তার ও এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান গং ডগাইর মৌজায় ২২.৬৬ শতাংশ জমি কিনে নিজেদের নামে মিউটেশন করে আজ পর্যন্ত খাজনাদি পরিশোধ করছে এবং প্রায় ৬০ লাখ টাকার মাটি ভরাট করে। সেই জমিতে দোকানঘর উঠিয়ে ভাড়া দেয়। এর প্রায় ১ বছর পর দলিল জালিয়াতি করে উক্ত জমি দখলের চেষ্টা করে নারায়ণগঞ্জের চিহিৃত ভূমি দস্যু আল জয়নাল প্লাজার মালিক জয়নাল আবেদীন। শুধুই এতেই ক্ষ্যন্ত নন সিদ্ধিরগঞ্জ-বন্দর-সদর,ফতুল্লায় ডজনে ডজনে ভূমিদস্যূ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই 'নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ-ফতুল্লায় তাদের অপকর্মের ঠিকাদার হতে বিএনপির কথিত কয়েকটি গ্রুপ থাকলে ও সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি গার্মেন্টসহ নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলসের জায়গায়সহ সিদ্ধিরগঞ্জে ওসমান দোসর 'নিট কনসার্নের ঠিকাদার যুবদলের শফিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন