মাওলানা ফেরদাউসুরের গোপনে ধারণ করা ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের গোপনে ধারণ করা ‘আপত্তিকর’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে জমিয়ত নেতার সঙ্গে এক নারীর উপস্থিতি দেখা গেলেও তার পরিচয় কিংবা ভিডিওটি কবে, কোথায় ধারণ করা হয়েছে তা জানা যায়নি। গতকাল (১১ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি গণমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ পায়। সেখান থেকে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। এবং এ নিয়ে জমিয়ত ছাড়াও রাজনৈতিক অঙ্গণে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে মাওলানা ফেরদাউসুর রহমান ও এক নারীকে দেখা যায়। ফেরদাউসুর রহমান ওই ভিডিওতে আপত্তিকর অবস্থায় ছিলেন। তাকে খালি গায়ে একটি লুঙ্গি পরার অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়েছে। সেখানে একজন নারীর উপস্থিতিও স্পষ্ট ছিল। তবে, ভিডিও’র বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তাতে সাড়া দেননি। তার মুঠোফোনের নম্বরে সরাসরি ও হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়। এদিকে, ভিডিও’র বিষয়টি নিয়ে অবগত হয়েছেন জানিয়ে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি গণমাধ্যমকে বলেন, “আমাদের যে কোনো নেতা শাস্তিমূলক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
মাওলানা ফেরদাউসুর রহমান হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর ছিলেন। তবে, তার সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ‘ছোটভাই’ হিসেবে বেশ পরিচিতি ছিল তার। শামীম ওসমানের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও উপস্থিতি ছিল ফেরদাউসুরের।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেরদাউসুর রহমানকে নিয়ে হেফাজতে ইসলামের ভেতরে আপত্তি ওঠে। পরে তাকে এই সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হলে পাল্টা কমিটি ঘোষণা করেন মাওলানা ফেরদাউসুর রহমান।


