Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ মিশন পাড়া

হীরা লাল খালের বুকে বহুতল ভবনের রাজত্ব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

হীরা লাল খালের বুকে বহুতল ভবনের রাজত্ব

বামে ছবিতে চাষাড়া-খানপুরের মিশনপাড়া এলাকার হীরা লাল খাল দখল করে বহুতল ভবন নির্মাণ হচ্ছে, মাঝে হীরা লাল খালের কিছু অংশ দেখা যাচ্ছে। ডানে ছবিতে জাল-জালিয়াতির মাধ্যমে খাল দখল করে একটি ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করছে।

Swapno

# সিএস-আরএস নকশায় খাল, বাস্তবে বহুতল ভবন
# বিএস রেকর্ডের অসংগতি ও জালিয়াতির অভিযোগ
# নথি যাচাইয়ে নামছে জেলা প্রশাসন, ডিজিটাল ম্যাপিংয়ে হবে সীমানা নির্ধারণ
# তদন্তের আওতায় আসছে মালিকানা, রেকর্ড ও অনুমোদন প্রক্রিয়া


দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে নারায়ণগঞ্জের চাষাড়া-খানপুরের মিশনপাড়া এলাকার হীরা লাল খাল। সিএস-আরএস নকশায় খাল হিসেবে চিহ্নিত থাকলেও বাস্তবে সেখানে গড়ে উঠেছে টিনশেড ঘর, বসতবাড়ি, বাণিজ্যিক স্থাপনা ও বহুতল ভবন। ধাপে ধাপে খালের পাড় ও পানির জায়গা ভরাট করে এসব স্থাপনা নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের। যদিও এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্ট সংস্থাগুলো। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নীরবতায় ওই খালের বুকেই গড়ে উঠেছে আলী আকবর প্যালেস নামের বহুতল ভবন। সরেজমিনে দেখা গেছে, খালের সম্ভাব্য সীমানাজুড়ে ছোট-বড় টিনশেড ও পাকা স্থাপনা। আশপাশের এলাকাতেও রয়েছে বিভিন্ন স্থাপনা। স্থানীয়রা বলছেন, যে খালে একসময় শিশুরা সাঁতার শিখত, সেখানে কীভাবে একের পর এক দালান উঠল, তা কারও অজানা নয়। খাল দখলের পাশাপাশি সেখানে জমির মালিকানা ও দখল নিয়ে ব্যক্তিগত বিরোধও চলছে। ভবন নির্মাণ করতে গিয়ে অন্যের দখলে থাকা জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগও রয়েছে। এ অবস্থায় হীরা লাল খালসহ জেলার দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ইতোমধ্যে ২-৩টি খালও উদ্ধার করা হয়েছে। পুরোনো সিএস নকশার সঙ্গে পরবর্তী রেকর্ড ও বর্তমান ভূমির অবস্থান মিলিয়ে সীমানা নির্ধারণ, সংশ্লিষ্টদের নোটিশ এবং ডিজিটাল ম্যাপিংয়ের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘নারায়ণগঞ্জে দখলমুক্ত কোনো খাল খুঁজে পাওয়া কঠিন। অধিকাংশ খালই ইতোমধ্যে ভরাট হয়ে গেছে, কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন। মিশনপাড়ার হীরা লাল খালও এর ব্যতিক্রম নয়। সেটিও ভরাট হয়ে গেছে। আমরা এসব দখল ও দূষণের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে আসছি। শুধু হীরা লাল খাল নয়, নদীদূষণসহ পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, পরিবেশ ও জলাশয় রক্ষায় নাগরিকদের সোচ্চার থাকার পাশাপাশি প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ জরুরি।

স্থানীয় বাসিন্দারা বলেন, একবারে নয়, কয়েক ধাপে সংকুচিত হয়েছে খালটি। প্রথমে খালের পাড় ও পানির সীমানায় ফেলা হতো গৃহস্থালির বর্জ্য, প্লাস্টিক ও শিল্পকারখানার আবর্জনা। পরে বালু ও মাটি ফেলে বিভিন্ন অংশ ভরাট করা হয়। পানি চলাচলের পথ সংকুচিত হওয়ার পর ভরাট অংশে প্রথমে বাঁশের মাচা, টংঘর ও টিনের ঘর তৈরি হয়। সময়ের সঙ্গে সেখানে গড়ে ওঠে স্থায়ী বসতি ও বাণিজ্যিক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, আশির ও নব্বইয়ের দশক থেকে শিল্পায়ন ও নগরায়ণের সুযোগে প্রভাবশালী ব্যক্তি ও ভূমিদস্যুদের একটি অংশ খালের দুই পাড় দখল করতে থাকে। একসময় প্রাকৃতিক জলধারা হিসেবে থাকা খালটিকে আরসিসি ড্রেন বা বক্স কালভার্টে রূপান্তরের চেষ্টার অভিযোগও রয়েছে। এতে খালের মূল আয়তন আরও সংকুচিত হওয়ার পাশাপাশি আশপাশের খালি জায়গা দখলের সুযোগ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

রেকর্ডের মারপ্যাঁচে খাল দখল : দখলের অভিযোগের সঙ্গে সামনে এসেছে ভূমি রেকর্ডের অসংগতিও। স্থানীয়দের অভিযোগ, সিএস ও আরএস নকশায় খাল বা জলাশয় হিসেবে চিহ্নিত কিছু জমি পরবর্তী বিএস জরিপে নাল, পতিত বা ব্যক্তিমালিকানাধীন হিসেবে নথিভুক্ত হয়েছে। জাল দলিল, ভুয়া পর্চা বা লিজের কাগজ ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিমালিকানাধীন হিসেবে দেখানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব নথির ভিত্তিতে জমি হাতবদল হওয়ায় জটিলতা বেড়েছে। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, শুধু দলিল বা পরবর্তী রেকর্ডের ভিত্তিতে জমির মালিকানা চূড়ান্ত করা হবে না। সিএস, আরএস ও বিএস খতিয়ান, দাগ নম্বর, মূল দলিল, নামজারি এবং জরিপের ভিত্তি একসঙ্গে যাচাই করে জমির প্রকৃত অবস্থান নির্ধারণ করা হবে।

আলী আকবর প্যালেস ঘিরে অভিযোগ : মিশনপাড়ার ‘আলী আকবর প্যালেস’ বহুতল ভবনটিকে ঘিরেও খালের জমি দখলের অভিযোগ উঠেছে। রাশেদ ও পলাশ নামে দুই ভাইয়ের বিরুদ্ধে খালের জমির পাশাপাশি পাশের দাগে রিয়াদ হোসেন নামে এক ব্যক্তির এক শতাংশেরও বেশি জমি জোরপূর্বক দখলে নিয়ে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। জমি দখলে বাধা দেওয়ায় রিয়াদকে একাধিকবার মারধর, হুমকি এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগও করেছেন রিয়াদ। ভবনটির জমির মালিকানা, খালের সীমানা ও নির্মাণ অনুমোদনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। ভবনমালিক, সংশ্লিষ্ট ডেভেলপার ও অনুমোদনকারী কর্তৃপক্ষের বক্তব্য জানতে সরাসরি ভবনে গেলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্র বলছে, তদন্ত শুধু বর্তমান মালিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রেকর্ড প্রস্তুত, নামজারি, দলিল নিবন্ধন, নকশা অনুমোদন ও নির্মাণ তদারকির পুরো প্রক্রিয়াও খতিয়ে দেখা হবে।

ডিজিটাল ম্যাপিংয়ে নির্ধারণ হবে সীমানা : সূত্র জানায়, বর্তমান সরকার দেশের দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার এবং পানিপ্রবাহ সচলের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় খাল চিহ্নিতকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখনন কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় দখল হওয়া খাল উদ্ধারে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সমন্বিত উদ্যোগ নিয়েছে। জিপিএস ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করে পুরোনো নকশার সঙ্গে বর্তমান অবস্থান মিলিয়ে হীরা লাল খালের সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। জানতে চাইলে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম বলেন, ‘খাল উদ্ধারে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সিএস, আরএস ও বিএস রেকর্ডের অসংগতি, জমির মালিকানা এবং স্থাপনার অবস্থান যাচাই করা হবে। সংশ্লিষ্টদের নোটিশও দেওয়া হচ্ছে।’ পুরো বিষয়টি জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে তদারকি করা হচ্ছে। তবে রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ইতোমধ্যে দুই-তিনটি খালের স্থাপনা ভেঙে খাল উদ্ধার করেছি। হীরা লাল খালের বিষয়ে খোঁজ নেব। যদি এটি সরকারি খাল হয়ে থাকে, তাহলে অবৈধ স্থাপনা ভেঙে খালটি পুনরুদ্ধার করা হবে।’

একই বিষয়ে কাজ করছে জেলা পানি উন্নয়ন বোর্ডও। বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) আসিকুর রহমান বলেন, খালের মালিকানা ও অধিগ্রহণের ধরন অনুযায়ী উদ্ধার কার্যক্রমের দায়িত্ব নির্ধারিত হয়। তাদের অধিগ্রহণ করা খালের অবৈধ স্থাপনার তালিকা জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। হীরা লাল খাল ওই তালিকায় আছে কি না, তা যাচাই করা হবে। সম্প্রতি ফতুল্লার নলখালী, রূপগঞ্জের বরপা সরকারি খাল ও চাষাড়ার কল্যাণী খালে দখলমুক্তকরণ অভিযান হয়েছে। তবে হীরা লাল খালে এখনো উচ্ছেদ শুরু হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন