Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে আলোচনায় যারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে আলোচনায় যারা
Swapno

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অভিজাতদের এই ক্লাবের আগামী এক বছরের জন্য কার্যকরী কমিটি গঠনের নির্বাচন। নির্বাচনকে ঘিরে এখনই ক্লাবের সদস্যদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের মতো করে মাঠ গোছানের কাজে ব্যস্ত। গত বছরের নির্বাচনে সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হন। এর আগেও একাধিকবার তিনি এ ক্লাবের সভাপতি ছিলেন।


এবার সভাপতি পদে আলোচনায় আছেন বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ জুয়েল, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, বিএনপিমনা সাংস্কৃতিক সংগঠন জাসাস’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আনিসুল ইসলাম সানি। বদিউজ্জামান বদু বলেন, “নির্বাচন নিয়ে চিন্তা-ভাবনা আছে। তবে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত করিনি।” অন্যদিকে, মাহবুবুর রশীদ জুয়েলও নির্বাচন নিয়ে এখনো সরাসরি কিছু বলছেন না। তবে, তার ঘনিষ্ঠজনরা বলছেন, তিনি সভাপতি পদে এবারো নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। মাহবুবুর রশীদ জুয়েল ২০২৪ সালে ক্লাবের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। পরের বছর প্রার্থী হন বদিউজ্জামান বদুও। কিন্তু দু’জনই মোহাম্মদ সোলায়মানের কাছে পরাজিত হন। এর বাইরে আনিসুল ইসলাম সানি সরাসরিই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।


তার বরাতে স্থানীয় একটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। আনিসুল ইসলাম সানি বলছেন, নির্বাচনে কাউকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে দেবেন না। তিনি এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এই তিন প্রার্থীকেও ছাপিয়ে আলোচনা রয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে নিয়ে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দিপু ভূঁইয়াকে ক্লাবের সদস্যরাই এবার সভাপতি পদে দাঁড়ানোর জন্য প্রস্তাব দিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তবে, এ বিষয়ে সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো ঘোষণা এখনো আসেনি। নারায়ণগঞ্জ ক্লাবের ওয়েবসাইট থেকে জানা যায়, ভারতীয় উপমহাদেশে ইংরেজদের উপনিবেশিক শাসনের সময় ১৮৯৩ সালে বিনোদনের লক্ষে এ ক্লাবের প্রতিষ্ঠা হয়।


তখন এই ক্লাবের নাম ছিল ‘ইউরোপিয়ান ক্লাব’। ১৯৪৭ সালে এই ক্লাবের নাম হয় ‘নারায়ণগঞ্জ ক্লাব’। শতবর্ষী এ ক্লাবটিতে হাজারের উপর সদস্য থাকলেও ১১ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নির্বাচনের মধ্য দিয়ে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হন। এর বাইরে আরো ৮ জন পরিচালক নির্বাচিত হন। এবারের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষানুরাগী কাশেম জামাল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন