আজমেরী ওসমানের সহযোগী আক্তার নূর ডিবির হাতে আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জের আলোচিত আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত জাপা নেতা আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার (১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিবির পরিদর্শক নজরুল ইসলাম। ডিবির পরিদর্শক জানান, আক্তার নূর সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আক্তার নূরের বিরুদ্ধে শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তা ছাড়া এই আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমান নিজেও মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীসহ অসংখ্য হত্যা মামলায় অভিযুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আজমেরী ওসমান ও তার সহযোগীরা অনেকেই আত্মগোপনে চলে যায়। তা ছাড়া বিগত দিনে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আজমেরী ওসমানের মাসব্যাপী হুন্ডা বহরে সামনের সারিতেই দেখা যেত আক্তার নূরকে। এদিকে খানপুর ও আশপাশের এলাকায় আক্তার নূরকে কেন্দ্র করে সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রম পরিচালনা করছেন এই আক্তার নূর। তা ছাড়া ২০২২ সালে সংবাদপত্রের কার্যালয়ে হামলা ভাঙচুর ও হত্যার হুমকির ঘটনায় আক্তার নূরের সংশ্লিষ্টতার প্রমান সহ অভিযোগ রয়েছে। তা ছাড়া ২০২৩ সালের মার্চ মাসে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় জমি দখলের চেষ্টাকালে আজমেরী ওসমানের ক্যাডারদের গুলিবর্ষণে জমির মালিকসহ অন্তত ১৫ জন আহত হন। এই ঘটনায় ভিডিও ভাইরাল হলে সেখানে আক্তার নূরকে অস্ত্র হাতে দেখা যায়।
চব্বিশের ৫ আগষ্টের পর ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় খানপুরের সব কিছুই ফের নিয়ন্ত্রণে নেন আক্তার নূর। বর্তমানে আক্তার নূরের নেতৃত্বে বিগত দিনের মতোই খানপুর এলাকায় ফুটপাতে টং দোকান বসিয়ে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। তা ছাড়া খানপুর হাসপাতাল রোডে অবৈধভাবে দোকান বাসিয়ে চাঁদাবাজি, স্ট্যান্ড তার লোকজন দিয়ে নিয়ন্ত্রণসহ নানাভাবে ফের সব কিছু নিয়ন্ত্রণে নেওয়ার পায়তারাসহ আগামী ডিসেম্বর মাসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের ফিরে অরাজকতা সৃষ্টির পায়তারায় শহরে আজমেরী ওসমানের পক্ষে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন এই আক্তার নূর ও তার বাহিনীর সদস্যরা।


