Logo
Logo
×

নগর জুড়ে

মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে: সিরাজুল মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে: সিরাজুল মামুন

মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে: সিরাজুল মামুন

Swapno



নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে| তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। শুক্রবার (১০ জুলাই) বিকেলে সদর উপজেলার কাশীপুরের ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


এবিএম সিরাজুল মামুন বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ প্রত্যাশিত পরিবর্তন পায়নি| এর পেছনে অসৎ ও সুবিধাবাদী রাজনীতি দায়ী। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।


তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্রয়ের কারণেই টিকে আছে। অপরাধীদের সংখ্যা বেশি না হলেও বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয়ে তারা সমাজে প্রভাব বিস্তার করছে।


নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাশীপুর ও ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা মাসিক বেতন নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হচ্ছেন| মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, নেতৃত্বেরও পরিবর্তন প্রয়োজন।


মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে ‘মাদক নিয়ন্ত্রণ’ নয়, ‘মাদক নির্মূল’-এর নীতি গ্রহণ করা উচিত| খেলাফত মজলিসের গঠনতন্ত্রেও মাদক নির্মূলের অঙ্গীকার রয়েছে। বিএনপির সমালোচনা করে সিরাজুল মামুন বলেন, বিএনপিতে অনেক ভালো মানুষ থাকলেও অনেকেই জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ  নিয়ে বেশি ব্যস্ত।


তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি এবং জনসেবায় নিবেদিত নেতৃত্ব প্রয়োজন। দুর্নীতি ও লোভের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারে—এমন নেতৃত্ব গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করছে।


সম্মেলনে মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ বলেন, নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি মাদকের স্পটের কথা বলা হয়েছিল। নির্বাচনের পর সেসবের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনগণ জানতে চায়।


কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদ এবং ফতুল্লা থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দীকসহ অন্যরা।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন