ফতুল্লার-বন্দরের চারটি করে ইউনিয়ন, সাথে কাঁচপুর
আয়তন বাড়ছে নাসিকের
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
রাজধানীর পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দেশের সবচেয়ে ছোট আয়তনের নগর। কিন্তু এবার এ সিটি কর্পোরেশনের আয়তন বাড়তে যাচ্ছে। শিল্পাঞ্চল ফতুল্লার চারটি ইউনিয়ন, বন্দরের চারটি ইউনিয়ন ও কাঁচপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশও যুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে।
জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখার সময় এমনই আভাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে মন্ত্রীর কাছে ফতুল্লার চারটি ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করে নাগরিক সমস্যা নিরসনে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
পরে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ফতুল্লার অংশের পাশাপাশি বন্দর ও কাঁচপুর ইউনিয়নের অংশ যুক্তেরও পরিকল্পনার কথা জানান মন্ত্রী মির্জা ফখরুল। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের অধীন চারটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে সীমানা পরিবর্তনের জন্য মতামত চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। যদিও এখনো জেলা প্রশাসকের কার্যালয় মতামত দেয়নি বলেও জানান মন্ত্রী। মন্ত্রী জানান, ফতুল্লা, কুতুবপুর (আংশিক), এনায়েতনগর ও কাশিপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তভুক্ত করার জন্য স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর গত ১২ আগস্ট চিঠি দেওয়া হয়। ওই চিঠির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-২ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তম (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা ২০১৩ অনুযায়ী মতামত প্রদানের জন্য চিঠি দেওয়া হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য চাওয়া হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রস্তাবিত এলাকার মৌজার নাম, দাগসূচির তালিকা ও প্রস্তাবিত সম্প্রসারিত সীমানা বা এলাকার ম্যাপ সংযুক্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।
কিন্তু গত ১ সেপ্টেম্বর চিঠি পেয়েও এখন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে মতামত স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়নি। মতামত পাওয়া গেলে ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যাবে।
একই প্রশ্নের জবাব দিতে গিয়ে মির্জা ফখরুল জানান বন্দর উপজেলার বন্দর, ধামগড়, মদনপুর, মদনগঞ্জ ও কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশকে সিটি কর্পোরেশনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন গঠিত। এরমধ্যে শিল্পসমৃদ্ধ ফতুল্লা অঞ্চলের ভেতরে থাকা চারটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন।
এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কাশীপুর ও এনায়েতনগরের বেশকিছু অংশ সিটিতে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই সময় সংসদ সদস্য শামীম ওসমানের ব্যক্তিস্বার্থ বাস্তবায়নের কারণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবাস্তবিক সুপারিশ করা হয়েছিল। ফলে, এসব এলাকা সিটিতে সংযুক্ত হতে পারেনি। যদিও এসব এলাকায় ইতোমধ্যে নগরায়ন হয়ে গেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। সিটিতে যুক্ত না হওয়ায় তারা পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে, শীতলক্ষ্যার নদীর পূর্বপাড়ে বন্দরের নয়টি ওয়ার্ড এলাকা সিটি কর্পোরেশনে যুক্ত রয়েছে। এর সঙ্গে আরও কয়েকটি ইউনিয়ন ও সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নও যুক্ত হলে সিটি এলাকার পরিধি বাড়বে। যা বর্তমানে রয়েছে মাত্র ৭২ বর্গ কিলোমিটারের কিছু বেশি।


