নবীগঞ্জ গুদারাঘাটে হকার উচ্ছেদ চাননা ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র বদরুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
নবীগঞ্জ গুদারাঘাটে হকার উচ্ছেদ চাননা ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র বদরুল
হাজিগঞ্জ ফেরিঘাট বা নবীগঞ্জ গুদারাঘাট যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকা বা পার্ক যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার হয়। নৌকা বা ট্রলার দিয়ে যাত্রী পারাপারের পাশাপাশি ফেরি ঘাটে দিবারাত্রি যানবাহন পারাপার হচ্ছে। নারায়ণগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ যাত্রী পারাপার হয় এই ঘাট দিয়ে। সিটি কর্পোরেশন কর্তৃক উক্ত স্থানে গণসৌচাগার ব্যতীত কোন ধরনের দোকানের ব্যবস্থা না থাকলেও ইতিমধ্যে স্থানীয় হতদরিদ্র অসংখ্য মানুষ ছোট ছোট দোকান করে নানামুখী ব্যবসার মাধ্যমে উপার্জনের ব্যবস্থা নিশ্চিত করেছে।
নদী লাগোয়া স্থানে জনগণের বসার জন্য নির্ধারিত স্থানে অসংখ্য ভ্রমণপিপাসুদের আগমনের ফলে নগরবাসীর অবকাশ কাটানোর চাহিদার উপর নির্ভর করে এখানে গড়ে উঠেছে নানা রকমের দোকান। ফলশ্রুতিতে অলস সময়ে জনগণ এখানে সময় কাটাতে পারছে এবং যাতায়াতকারী যাত্রী সাধারন অসংখ্য জনগণের উপস্থিতির কারণে নিরাপত্তার সঙ্কা থেকে মুক্তি পাচ্ছে। ঘাট সংলগ্ন ওয়াকওয়ে, ইকোপার্ক, পানিরকল, এম,সার্কেস বিআইডব্লিউটিসি বাংলো সহ আশপাশের এলাকা অপরাধ প্রবণ এলাকা হওয়াতে হাজীগঞ্জ ফেরিঘাট ও নবীগঞ্জ ঘাটে যাতায়াতকারী যাত্রীদের আতঙ্ক বা ঝুকি কাটাতে ঘাট সংলগ্ন স্হানে দোকানের অবস্থান জরুরী বলে মত প্রকাশ করে অনেকে। কেননা দোকানের আলোকসজ্জা এবং ক্রেতার উপস্থিতি যাতায়াতকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে বলে মত প্রকাশ করে উক্ত পথে যাতায়াতকারী নদীর পূর্বপাড়ের জনসাধারণ।
বদরুল হক বলেন, শহরের প্রাণকেন্দ্রে জনদুর্ভোগ লাঘবে ফুটপাত দখলকারী হকার উচ্ছেদকে আমরা সাধুবাদ জানাই পাশাপাশি হাজীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন উন্মুক্ত স্থানে সিটি কর্পোরেশন কর্তৃক সরজমিনে এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করে অস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে স্থানীয় লোকজনদের কর্মসংস্থান নিশ্চিত করে মানবিক দৃষ্টান্ত স্থাপন এবং নিরাপত্তাহীনতার ঝুঁকি থেকে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
সম্মানিত প্রশাসক সাখাওয়াত হোসেন খান ও মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং উনার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা’র নিকট পরিকল্পিত স্মার্ট নগরায়ন গড়ার লক্ষ্যে জন-দুর্ভোগ মুক্ত উন্মুক্ত স্থানে মাসিক ভাড়ায় দোকান বা জমি বরাদ্দ দিয়ে হকার পুনর্বাসনের নামে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোরতা প্রয়োগের পাশাপাশি মানবিক কীর্তি গড়ার আহ্বান জানিয়েছেন বদরুল হক। তিনি বলেন, এমনি উদ্যোগের মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমন মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে সিটি কর্পোরেশন। উক্ত কাজে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে তিনি সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।


