হাজিগঞ্জ ফেরিঘাটে অবৈধ দোকান উচ্ছেদের পর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
হাজিগঞ্জ ফেরিঘাটে অবৈধ দোকান উচ্ছেদের পর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের হাজিগঞ্জ ফেরিঘাট এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদের পর শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযানের পরপরই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এলাকাজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে কাজ করছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেরিঘাট কেন্দ্রিক এই এলাকায় অসংখ্য অবৈধ দোকান গড়ে ওঠে। এতে করে সড়ক ও ফুটপাত দখল হয়ে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
একই সঙ্গে দোকানগুলো থেকে নির্গত বর্জ্যের কারণে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল পুরো এলাকায়। এই পরিস্থিতি নিরসনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রতি একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত করা হয়। উচ্ছেদের পরপরই পরিচ্ছন্নতা বিভাগ মাঠে নেমে কাজ শুরু করে।


