ভ্যাপসা গরমে অতিষ্ঠ না.গঞ্জবাসী
চৈত্রের খরতাপ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহী বিভাগসহ দেশের ২৭টি জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। একইসঙ্গে রাজধানীর লাগোয়া জেলা নারায়ণগঞ্জে ক্রমেই তাপমাত্রা বাড়ছে। এতে ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে নগরজীবন। আগামী রোববার নাগাদ এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এছাড়া চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে।
সে সময় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারের তুলনায় তাপপ্রবাহের পরিধি কিছুটা বেড়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি বিভাগসহ দেশের ২৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বৃহস্পতিবার তাপপ্রবাহ ছিল ১৭টি জেলায়।
শুক্রবার খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলো ছাড়াও টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে। তবে ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় এবার তাপপ্রবাহ কিছুটা কম থাকতে পারে। আরো জানা গেছে, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের মতো তাপপ্রবাহের আশঙ্কা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিও থাকবে।


