ইমামকে অপমান করা ঠিক না : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৫ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ইমাম সাহেব’ আর ‘এমপি সাহেব’ এই সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সম্মান আল্লাহ আজকে রাখবে কালকে ফেলে দিবে! আমি অহমিকা দেখিয়ে ইমাম সাহেবকে সরিয়ে ‘এই আপনি পিছনে গিয়ে বসেন’ বলতেই পারি। তাঁর কিচ্ছু করার নেই, সে হেঁটে হেঁটে ঐ দিকে চলে যাবে। কারণ আমি ক্ষমতাবান। তবে উনিতো ইমাম, উনার পিছনে নামাজ পড়লাম। আর মুয়াজ্জিনের আযান শুনে আমরা নামাজে আসলাম। তাই সম্মানটা আমার চেয়ে উনাদের কম নয় বরং একটু বেশি।
তিনি বলেন, আমার সম্মান যদি উনার চেয়ে বেশি হতো তাহলে আমি উনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতাম। তাই এই ধরণের মানুষকে অপমান করা ঠিক না।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে ভাষা সৈনিক শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে শামীম ওসমান এসব কথা বলেন।
এ সময় শামীম ওসমান একটি হাদীসের বর্ণনা দিয়ে বলেন, আমাদের নবীজি হযরত মুহাম্মদ (স.) বলেছেন “হে আল্লাহ আমি একজন মানুষ। অতএব তুমি আমাকে শাস্তি দিও না। আমি যদি কোনো মুমিন ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকি বা গালি দিয়ে থাকি তবে তুমি সেজন্য আমাকে শাস্তি দিও না”। আর এ বিষয়ে হযরত আয়শা (র.) বলেন তিনি নবীজিকে দুই হাত তুলে এই দোয়া পড়তে দেখেছেন। সুতরাং আমাদের নবী যদি কোনো ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চান, আমি-তো কিছুই না। সামান্য সরিষার কণা।
তিনি বলেন, তাই আমি মনেকরি সুযোগ থাকতে নিজের মাফ নিজেই চেয়ে নেয়া ভালো। আমার বড় ভাই (নাসিম ওসমান) নেই, মা নেই, বাবা নেই। তাঁরা ইন্তেকাল করেছেন। তাই তাঁদের কারণে যদি কোনো সময় আপনারা বিন্দু পরিমাণে কষ্ট পেয়ে থাকেন, আমি হাতজোড় করে আপনাদের কাছে মাফ চাচ্ছি। আপনারা তাদের মাফ করে দিয়েন।
তিনি আরো বলেন, “হাদীসে রয়েছে আমাদের মায়ের একটি কষ্টের নিশ্বাস সাতটি দোযখের চেয়েও ভয়াবহ! আর মায়ের একটি সুখের হাসি আটটি জান্নাতের সমান”। তাই আমি মনেকরি নবীজির হাদীস শুনে আপনার কি করা উচিৎ সেটা সময় থাকতেই করেন। কালকের জন্য রেখে দিলে বড় আফসোস হবে। কারণ কালকের দিন আপনার জন্য নাও হতে পারে।
এমপি শামীম ওসমান বলেন, আমার বাবা বাংলাদেশের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেও আমাদের ভাইবোনের জন্য এক ফোঁটা জায়গা রেখে যাননি। হিরা মহলে যেই বাড়িতে আমরা থাকতাম সেটা আমার দাদার দেয়া। এক শতাংশ জমি আমার বাবা কখনো দখল কনে নাই। যেই পরিমাণ অর্থ আমার বাপ-দাদার ছিলো, তা দিয়ে নারায়ণগঞ্জের অর্ধেক কিনতে পারত, আমার বাবা সেটা করেননি। আর সেই কারণেই তাঁর তিন ছেলেকে আল্লাহ জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আমাদের কোনো আফসোস নেই, বরং আমরা গর্ব করি।
তিনি বলেন, কেউ যদি মানুষের জমি দখল করে এবং সেই জমির পরিমাণ যদি অল্প একটুও হয়, তাহলে রোজ কেয়ামতের দিন আল্লাহ তাঁর গলায় উহুদ পাহাড় ঝুঁলিয়ে দিবে। হাত দুটি খালি যাবে। কবর দেওয়া শেষ হলে, সাথে কেউই থাকবেনা। তাই অহমিকা দেখাবেন না কেউ, মানুষকে ছোট দেখিয়ে কোনো লাভ নেই। ন্যায্য কথা বলেন, কিছু কিছু কথা শুনে খারাপ লাগে কিন্তু কারো ব্যপারে কিছু বলতে চাইনা। কারণ প্রতিদিনই মনে করি আজকেই আমার শেষ দিন।


