কমিটির আন্দোলন অদৃশ্য, নাম বলা যাবেনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০ পিএম
কমিটির কেউ আন্দোলনে সাথে না থাকলেও মাসদাইর কবরাস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা এবং চাষাঢ়া বাগে জান্নাত দাওরায়ে হাদিস মাদ্রাসা সরানোর ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হস্তক্ষেপ করছেন এমন অভিযোগ তুলে সংবাদ সংম্মেলন করেছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ। সংবাদ সম্মেলনে ওলামা পরিষদ নেতারা অভিযোগ করেছেন যে দুটি বিষয়ে অভিযোগ তোলা হচ্ছে তার দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ওলামা পরিষদ।
মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ লিখিত বক্তব্যে বলেন, উন্নয়নের প্রাণশক্তি নারায়ণগঞ্জ। সম্প্রতি চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের নির্মাণাধীন কাজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্ধ করে দিয়েছে। আগে মাসদাইর কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উচ্ছেদ করা হয়েছে। এসবে আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি, মেয়রের হস্তক্ষেপে এসব উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় আলেম-ওলামারা যখন এর প্রতিবাদ করেছেন তখন তিনি এবং তার লোকজন ব্যক্তিগত আক্রমন করতে থাকেন।
মেয়রের প্রতি তিনি প্রশ্ন রেখে বলেন,
(১) মাসদাইরের মাদ্রাসা উচ্ছেদের পর এখনও কেন পুনঃস্থাপন করা হলো না ?
(২) চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা কাজ বন্ধ করলেন কেন?
(৩) ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও ওলামাদের প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আপনি ও আপনার লোকের কি অর্জন করতে চান ?
(৪) ডিআইটি জামে মসজিদসহ সিটি করপোরেশনের অন্যান্য মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের কমিটির সাথে প্রত্যক্ষ ও প্রচ্ছন্নভাবে হুমকি প্রদান করা একজন জনপ্রতিনিধি হিসেবে কতখানি ন্যায্য?
(৫) এক মেয়াদের পৌর চেয়ারম্যান ও দুবারের সিটি মেয়র হিসেবে মসজিদ মাদ্রাসা সম্প্রসারনে আপনি কী কী ভূমিকা পালন করেছেন?
(৬) জনগণের প্রতিষ্ঠান স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সিটি করপোরেশনের মেয়রের পদকে ব্যবহার করে মাজারে সেজদাহ, কবরস্থানে ঢোল বাজানোসহ শিরক, কুসংস্কার চর্চা করে ইসলাম বিরোধী আকীদা প্রতিষ্ঠার অপচেষ্টা কেন করছেন ?
(৭) নারায়ণগঞ্জে স্থানীয় নিজ দলের রাজনৈতিক বিভেদ মসজিদ-মাদ্রাসা সংরক্ষণের আন্দোলনের সাথে একাকার করে রাজনৈতিক অপচেষ্টা কেন করছেন?
(৮) ইতিপূর্বে মাসদাইর কবরস্থানের এতিমখানা মাদ্রাসা বিলুপ্তির ব্যাখ্যায় বলেছেন, শোভন গার্মেন্টের মালিক আবু সিদ্দিক মাদ্রাসাটি অন্যত্র স্থানান্তর করেছেন, তাহলে আমাদের প্রশ্ন মাদ্রাসার বর্তমান অবস্থান কোথায়? সিটি করপোরেশনের জায়গায় বহু আগে স্থাপিত মাদ্রাসাটি কেন সিদ্দিক সাহেব অন্যত্র স্থানান্তর করলেন? কবরস্থানের সাথে মসজিদ-মাদ্রাসা স্থাপন এদেশের বহুআগের প্রচলিত বিষয়, জায়গা ও সামর্থ্য থাকার পরও মাদ্রাসা স্থাপনের পুনঃসিদ্ধান্ত নিতে আপনি কেন পারলেননা? কোন আইন প্রয়োগ করে আপনি সেটি উচ্ছেদ করেছেন? বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা ইস্যুতে আপনার অবস্থান বারবারই ধোঁয়াশাপূর্ণ এবং জনস্বার্থ বিরোধী। ৩ ফেব্রুয়ারি আপনার স্বাক্ষরিত এক স্মারকে অনেকগুলো মিথ্যাচার ও পরস্পর বিরোধী বিষয়ের অবতারণা হয়েছে। অত্যন্ত সুকৌশলে কমিটির নামে চালিয়ে দিয়ে নিজেকে সাধু হিসেবে দেখানোর চেষ্টা করেছেন? স্মারকে মসজিদটিকে অনুমোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং শরীয়ত সম্মত হয়নি বলে ফতোয়া দেয়ার চেষ্টা করেছেন এবং চারটি সিদ্ধান্ত গ্রহণের কথা উল্লেখ করেছেন। আমাদের জানার বিষয় কোন আলেম বা মুফতী ফতোয়ার ভিত্তিতে মসজিদ মাদ্রাসাটি অবৈধ এই ফয়সালা স্মারকে উল্লেখ করলেন?
মুফতি হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে দাবি করেন, স্মারকে উল্লেখ কয়েকটি সিদ্ধান্ত হাস্যকর ও অবাস্তব ।
সংবাদ সম্মেলন থেকে ওলামা পরিষদ তাদের কয়েকটি দাবি জানান।
সেগুলো হলো- (১) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় মাসদাইর কবরস্থান উচ্ছেদ করা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসাটি অনতিবিলম্বে পুনঃনির্মাণ পূর্বক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।
(২) চাষাঢ়া নবাব সলিমুল্লাহ রোডের বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসাটির উপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। মসজিদ ও মাদ্রাসা স্থাপনা নির্মাণ কাজ অতি দ্রুত সম্পন্ন করে মুসল্লিদের নামায আদায় ও ছাত্রদের শিক্ষা কার্যক্রম অবাধ করতে হবে।
(৩) মাদ্রাসা উচ্ছেদের অবৈধ সিদ্ধান্তের জন্য আলহাইয়াতুল উলইয়া লির জামিয়াতিল কওমীয়া বাংলাদেশ ও বেফাকুল মাদাররিসিলি আরাবিয়া বরাবর ক্ষমা প্রার্থণা পূর্বক ভূল সিদ্ধান্ত প্রত্যাহারের অবগতিপত্র নিতে হবে।
(৪) স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদকে ব্যবহার করে শিরকী ও বিদআতী কার্যক্রম সম্প্রসারণের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে।
(৫) সিটি করপোরেশন এলাকার সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ কবরস্থানে সিটি করপোরেশনের অনুদান প্রদান ও বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সহসভাপতি মুফতি আনিস আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমদুল্লাহ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসার জায়গা সংক্রান্ত অনুমোদনের বিষয়ে সাংবাদিকরার প্রশ্ন করলে তারা কাগজ আছে বলে দাবি করেন ওলামা পরিষদ। উলামা পরিষদের মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, তাদের সংগ্রহে সকল দলিল ও নথিপত্র রয়েছে। তবে নথিপত্র দেখতে চাইলে গণমাধ্যমকর্মীদের তা দেখাতে ব্যর্থ হন তিনি। সংবাদ সম্মেলন শেষে নথিপত্র সরবরাহ করবেন বললেও তা না দিয়ে চলে যান।
একই সাথে যেসব মসজিদ ও মাদারাসা প্রসঙ্গে অভিযোগ তোলা হচ্ছে সেসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন নেই এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেননি মাওলানা ফেরদৌসুর । তিনি দাবি করেন, মাদরাসা ও মসজিদ কমিটির লোকজনের সমর্থন তাদের সাথে রয়েছে। কমিটির আন্দোলন অদৃশ্য। তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে।আমাদের দলিল কমিটির কেউ হয়তো দিয়েছে। নাম বলা যাবেনা।
তবে মুফতি হারুনুর রশিদ বলেন, কমিটি দুই পক্ষে ভাগ হয়ে গেছে। একটি পক্ষ মেয়রের সাথে সমঝোতা করেছেন অন্য পক্ষ তাদের সাথে আছেন। তারা উপস্থিত না থাকলেও ধর্মীয় নেতা হিসেবে দায়িত্বের জায়গা থেকে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বলে দাবি করেন।


