না’গঞ্জে বিআইডব্লিউটিএ ও রেলওয়ের বিরোধ নিস্পত্তি কমিটি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮ পিএম
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যার তীরবর্তী এলাকার জমি নিয়ে সরকারের দুই সংস্থা বিআইডব্লিউটিএ ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবতই বিরোধ চলছে। এর মধ্যে হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী শীতলক্ষ্যার তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কার্যক্রমের সময় নারায়ণগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থানে পিলার স্থাপনে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এর জের ধরে উভয়পক্ষের মধ্যে বাকযুদ্ধ ও হাতাহাতির ঘটনাসহ মসজিদের মিম্বর ও সীমানা পিলার ভেঙ্গে দেয়ার ঘটনাও ঘটে।
অবশেষে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তাদের বিরোধ নিস্পত্তির লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধ নিস্পত্তি কমিটির সদস্যরা। এর আগে বিরোধ নিস্পত্তির লক্ষ্যে ৫টি সংস্থার সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই একটিটি কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুস সাত্তার, রেল মন্ত্রনালয়ের উপসচিব সাইদুর রহমান, নারায়ণগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বিআইডব্লিউটিএ’র সদস্য (পরি:পরি:) দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (বন্দর) সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ নদীবন্দরে যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী পরিচালক নূর হোসেন, বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপ সচিব (ডেপুটি কমিশনার) নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, কানুনগো ইকবাল মাহমুদ প্রমুখ।
জানা গেছে, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি নদীকে জীবন্ত সত্ত্বা ঘোষণা করে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এর মধ্যে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে চলতি বছরের মাঝামাঝি সময়ে হাইকোর্টের নির্দেশে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) পদ্ধতিতে সিএস জরিপ মোতাবেক শীতলক্ষ্যা ও ধলেশ^রী নদীর উভয়তীরে ২ হাজার ৪০০ টি নতুন সীমানা পিলার স্থাপন করার কাজ শুরু হয়।
গত অক্টোবরে নারায়ণগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় সীমানা পিলার স্থাপনের সময়ে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। পরে গত ১১ জানুয়ারি নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব মো. আমিনুর রহমান একটি নোটিশ প্রেরণ করেন। যাতে উল্লেখ করা হয়, রেলপথ মন্ত্রনালয়, নৌ পরিবহন মন্ত্রনালয়, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিনে শীতলক্ষ্যা নদীর তীরভূমিসহ লীজকৃত সম্পত্তির জায়গা পরিদর্শন করবেন। উক্ত কমিটি পরিদর্শন না করা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সেই নোটিশের প্রেক্ষিতেই ১৮ ফেব্রুয়ারির এই পরিদর্শন। পরিদর্শনের আগে তারা নারায়ণগঞ্জ রেলস্টেশনে স্টেশন মাস্টারের কক্ষে মিটিংয়ে বসেন। এসময় উভয়পক্ষ তাদের কার্যক্রম ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।
রেলওয়ে কর্তৃপক্ষ তাদের বক্তব্যে জানান, ডাবল রেল লাইনের প্রকল্পের কাজ চলমান রয়েছে। তারা তাদের জমিতেই ডাবল রেললাইনের প্রকল্পের কাজ করছেন। অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান, হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী তাদের সীমানা পিলার স্থাপনের কাজ চলমান রয়েছে। কিন্তু রেলওয়ের লোকজন তাদের সীমানা পিলার ভেঙ্গে দিয়েছে। তাদের স্থাপনাও ভেঙ্গে দেওয়া হচ্ছে। তাদের কাছে সিএস জরিপের নকশা রয়েছে যাতে জেলা প্রশাসন ও রেলওয়ের সার্ভেয়ারসহ সংশ্লিষ্টদের সাক্ষরও রয়েছে। হাইকোর্টের নির্দেশের কারণে বিআইডব্লিউটিএ নদীর জায়গা রক্ষায় বদ্ধপরিকর বলেও তারা উল্লেখ করেন।
পরে কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বিআইডব্লিউটিএর ভিআইপি সম্মেলন কক্ষে সভায় বসেন। এসময় তারা উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, কমিটির সদস্যরা পরিদর্শন করেছেন। তারা উভয়পক্ষকে কাগজপত্র জমা দিতে নির্দেশনা দিয়েছেন। এরপর তারা আবারও ঘটনাস্থল পরিদর্শন করবেন। পরে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিবেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপ সচিব (ডেপুটি কমিশনার) নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার কোন সিদ্ধান্ত হয়নি। কমিটির সদস্যরা উভয়পক্ষকে তাদের কাগজপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসিল্যান্ডকে সঙ্গে নিয়ে হাইকোর্টের রায় ও কাগজপত্রের বিচার বিশ্লেষণ করে একটি রিপোর্ট দিবেন। কমিটি সেই রিপোর্টের আলোকেই সিদ্ধান্ত নিবে।


