চালাকি করে ধর্মীয় সম্পদ খেলে; থাকেনা : শামীম ওসমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৫ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কোথাও এক ফোঁটা সম্পদ কিনি নাই। কেউ প্রমাণ করতে পারলে সব ছেড়ে চলে যাবো। আমি চালাকি করে কারো ধর্মীয় সম্পদ খেয়ে ফেলবো ঐ সম্পদ থাকবে না। আমি চালাকি করে ওয়াকফর সম্পদ খেয়ে ফেলবো ঐ সম্পদ থাকবে না। পৃথিবীতে একটাই সত্য রয়েছে; সেটা হচ্ছে আমাদের সবাইকে মরে যেতে হবে। তাই আমাদের সবাইকে সপ্তাহে একদিন করে কবরস্থানে যাওয়া উচিৎ। স্মশানেও যাওয়া উচিৎ। সেখানে গিয়ে দেখা উচিৎ কিভাবে কবর তৈরী করে এবং কীভাবে স্মশানে মানুষকে দাহ করা হয়। কারণ সেটাই আমাদের শেষ ঠিকানা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, আমি চেষ্টা করছি নারায়ণগঞ্জে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এক সাথে কাজ করতে চায় না। আমরা নারায়ণগঞ্জে ডাবল-লেন রেল লাইন নিয়ে আসছি। এই ট্রেন যদি নারায়ণগঞ্জ শহরে ঢুকে তাহলে এই শহর অকেজো হয়ে যাবে। কিন্তু বারবার আহবান জানাচ্ছি আসেন একসাথে বসেন।
তিনি বলেন, আমি রেলমন্ত্রিকে বলেছি যে, চাষাঢ়া পর্যন্ত এটাকে বন্ধ করলে ভালে হয়। সে বলছে প্রস্তাব দেন। কিন্তু আমি প্রস্তাব দিলেই কেউ কেউ বন্দরের মানুষকে বলবে শামীম ওসমান ট্রেনকে চাষাঢ়া নিয়ে গেছে। এখন চাষাঢ়া গিয়ে ট্রেনে উঠতে হবে! ঐ যে যারা নোংরা রাজনীতি করে। এপার ওপারের রাজনীতি করে। নোংরা কথাবার্তা বলে তারা এই ধরণের ঘটনা ঘটাবে।
তিনি বলেন, সাংবাদিকরা চাইলে এই বিষয়ে একটা ভূমিকা গ্রহণ করতে পারেন। আপনারা সেলিম ভাইকে, আমাকে, মেয়রকে, বিএনপি নেতাদের, সুশীল সমাজের সবাইকে জিজ্ঞেস করতে পারেন আসলে তাঁরা এই বিষয়ে কি চায়। কারণ রেল লাইন একবার হয়ে গেলে সেটা বন্ধ করা যাবে না। তখন শহরে চলাচল করা অসম্ভব হয়ে যাবে।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।


