করোনা ভ্যাকসিন নিলেন করোনা বীর কাউন্সিলর খোরশেদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ পিএম
করোনা মহামারী প্রতিরোধ ও বাংলাদেশকে করোনা মুক্ত করার প্রত্যয়ে এবং জনগনকে টিকা গ্রহণে উৎসাহিত করতে ও অভয় দিতে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন করোনা বীর খ্যাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার ও মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় তিনি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণ শেষে কাউন্সিলর খোরশেদ বলেন, টিকা গ্রহণ প্রক্রিয়া যথেষ্ট সহজ মনে হয়েছে। আমি ও আমার সহকর্মী কাউন্সিলার শওকত হাসেম শকু একসাথে টিকা নিয়েছি। আলহামদুলিল্লাহ, কয়েক ঘন্টা অতিবাহিত হলেও আমাদের কাছে কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূত হয়নি।
এসময় তিনি আরো বলেন, সরকারের দুই একজন মন্ত্রীর অতিকথন ও উস্কানিমূলক কথা বিএনপি টিকা কার্যক্রমের বাইরে রাখতে চাইছে, যা আত্মঘাতমূলক।
কাউন্সিলরার খোরশেদ জানান যারা নিজে টিকার নিবন্ধন করতে পারছেন না, তারা খোরশেদের কাউন্সিলর কার্যালয়ে এনআইডি কার্ড সহ উপস্থিত হয়ে বিনা খরচে নিবন্ধন করতে পারবেন।


