Logo
Logo
×

নগর জুড়ে

ভবন উচ্চতায় রাজউকের সিদ্ধান্ত’র প্রতিবাদে নাগরিক কমিটির মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম

ভবন উচ্চতায় রাজউকের সিদ্ধান্ত’র প্রতিবাদে নাগরিক কমিটির মানববন্ধন
Swapno

সম্প্রতি রাজউক ঢাকা, নারায়ণগঞ্জ শহর ও গাজীপুরের কিছু অঞ্চলের ভবনের উচ্চতা ৩ থেকে ৪ তলা এবং শর্তসাপেক্ষে ৬ তলার বেশী হবে না মর্মে “ড্যাব” নামে একটি পরিপত্র জারি করায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জৈষ্ঠ সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সহসভাপতি সানোয়ার তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সামাজিক সংগঠন সমমনার সভাপতি দুলাল সাহা, সাংবাদিক তোফাজ্জল হোসেন ও ডেভলপার এসোসিয়েশনের সহসভাপতি এস.এম. পারভেজ পাভেল।

 

আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সদস্য নাসির উদ্দিন মন্টু, আবদুল হাই, গোবিন্দ সাহা, তারেক বিন ইউসুফ বাবু, পপী রাণী সরকার, শফিকুল ইসলাম লিটন, 

 

মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ শহরের প্রেক্ষাপটে রাজউকের এ সিদ্ধান্ত অবাস্তব, অবৈজ্ঞানিক ও অবিবেচনাপ্রসূত। এই শ্রমিক ও মধ্যবিত্ত জনগোষ্ঠী অধ্যুষিত শহরটি এখন দেশের সবচেয়ে ঘনবসতীপূর্ণ। শিল্পাঞ্চল হওয়ায় দেশের প্রায় সকল জেলা থেকে মানুষ জীবিকার প্রয়োজনে এখানে ছুটে আসছে। 

 

তিনি বলেন, এখানে ভবন উচ্চতা ছয়তলায় সীমাবদ্ধ করলে বাড়িভাড়া বৃদ্ধিসহ শ্রমিক ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান গুলোর উপরও অর্থনৈতিক চাপ তৈরী হবে। এর ফলে পার্শবর্তী কৃষি অঞ্চলের ফসলের জমি কমে যাবে। ভবনগুলো যখন আর দৈর্ঘ-প্রস্থে বৃদ্ধির সুযোগ বন্ধ হওয়ায় কেবল উচ্চতা বৃদ্ধির সুযোগ রয়েছে, তখন রাজউকের এ সিদ্ধান্ত নগরপরিকল্পনার সাথে সাংঘর্ষিক ও অবৈজ্ঞানিক।

 

তিনি বলেন, পঞ্চশ বছর আগে দেশের জনসংখ্যা ছিল যেখানে সাড়ে সাত কোটি এখন তা আঠারো কোটির অধিক। আগামী পঞ্চাশ বা এক-দুই’শ বছর পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেব জন্য এক ভয়াবহ বাস্তবতা অপেক্ষা করছে। আমাদের আজকের কোন ভুল সিদ্ধান্ত আগামী প্রজন্মের জন্য ভয়ানক পরিস্থিতি তৈরী করবে।

 

এ.বি সিদ্দিক বলেন, স্বাধীনতার পূর্বে একটা সময় ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নামে “ডিআইটি” কার্যক্রম শুরু করেছিল, যা আজকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক। তখন নারায়ণগঞ্জে শত শত একর ভূমি অধিগ্রহণ করলেও বাস্তবে শহরে শুধু মাত্র ডিআইটি মার্কেট ছাড়া তারা আর কিছুই করেনি। বরং অধিগ্রহণকৃত ভূমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে তারা ব্যবসা করেছে।

 

তিনি বলেন, ২০০৭ সালে রাজউক এমনিভাবে টেন্ডার ডেকে ভূমি বিক্রির পায়তারা করলে নাগরিক কমিটি নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আন্দোলন করে তা বন্ধ করতে বাধ্য করে। আমরা মনে করি বর্তমানের বাস্তবতায় নারায়ণগঞ্জের উন্নয়নে রাজউকের এখন আর কোন প্রয়োজন নেই। এ কাজটি এখানে স্থানীয় সরকারের অধিনেই ন্যস্ত করা জরুরী।

 


তিনি বলেন, ভবন নির্মাণ, নকসা অনুমোদনসহ এ সকল কার্যক্রমের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনস্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনই এখন যথাযথ ও উপযুক্ত। 

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই রাজউকের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। মানব বন্ধনের সকল বক্তা অতিদ্রুত রাজউকের এ সিদ্ধান্ত বাতিল ও নারায়ণগঞ্জে রাজউকের সকল কার্যক্রম সিটি কর্পোশেনের অধিনে ন্যস্ত করার দাবি জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন