Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জে জনপ্রিয় বিআরটিসি ফিরিয়ে নেয়া হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৯ পিএম

না’গঞ্জে জনপ্রিয় বিআরটিসি ফিরিয়ে নেয়া হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়
Swapno

রোববার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারি বিআরটিসি বাস সার্ভিস বেসরকারি ব্যবস্থাপনা থেকে আবার সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে নেয়া হচ্ছে। তুলনামূলক কম ভাড়া ও ভালো ব্যবস্থাপনার জন্য গত দেড় বছরে এটি নারায়ণগঞ্জে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। অভিযোগ উঠেছে বেসরকারি বাস মালিকরা বিআরটিসি’র উর্ধ্বতন কর্মকর্তাদের প্রভাবিত করে এটি সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে নিচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাস বন্ধ করে দেয়ার ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। প্রতিবারই এর পেছনে বেসরকারি বাস মালিকদের কারসাজি রয়েছে বলে অভিযোগ ওঠে।   

 


২০১৯ সালের অক্টোবর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় বিআরটিসি নন এসি বাস চলাচল শুরু করে। বেসরকারি পরিবহন সংস্থা উৎসব পরিবহন এটি পরিচালনা করছিলো। ‘ত্রিশ টাকায় ত্রিশ মিনিটে ঢাকা’ এ স্লোগান দিয়ে জনপ্রিয় হয় এ রুটের বিআরটিসি। এ রুটে বেসরকারি বাস কোম্পানী উৎসব ট্রান্সপোর্ট , বন্ধন, হিমাচল, অনাবিল, মৌমিতাসহ বিভিন্ন কোম্পানীর ভাড়া ছত্রিশ টাকা। বিআরটিসি ত্রিশ টাকা নেয়ায় সহজেই এটি জনপ্রিয়তা পায়। এর বাইরে এটি ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া রাখতো। যাত্রী থাকুক বা না থাকুক প্রতি পনের মিনিটের মধ্যে বাস অবশ্যই ছেড়ে দেয়া হয়। যাত্রী ভরে গেলে আরো আগেই ছাড়া হয়। 

 


বিআরটিসির এ বাস উৎসব পরিবহনের (উৎসব ট্রান্সপোর্ট নয়) পক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য কামাল মৃধা পরিচালনা করছিলেন। কামাল মৃধা জানান, সম্প্রতি বিআরটিসি কতৃপক্ষ তাকে জানায় আগামী ১৪ ফেব্রোয়ারী থেকে তারা নিজেরাই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস পরিচালনা করবে। এর কারন জানতে চাইলে বিআরটিসি জানায়, এ রুটের বাস বেসরকারিভাবে পরিচালনা করে তাদের লোকসান হচ্ছে। এজন্য তারা এ রুটের বাস পরিচালনা নিজেদের ব্যবস্থাপনায় নিয়ে নেবে। 

 

কামাল মৃধা তাদের জানান, সরকার নির্ধারিত বাসভাড়া উৎসব পরিবহন নিচ্ছে। বিনিময়ে তারা নির্ধারিত কমিশন পাচ্ছে। বিআরটিসি চাইলে ভাড়া বাড়িয়ে দিক। সে অনুযায়ী উৎসব পরিবহন নতুন ভাড়া নির্ধারন করবে। কিন্তু তারা আমার কথা শোনেননি। তারা নিজেদের ব্যবস্থাপনায় এ রুটে বিআরটিসি চালানোর সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি অভিযোগ করেন, বেসরকারি বাস মালিকদের সুবিধা দিতেই বিআরটিসি’র কিছু উর্ধ্বতন কর্মকর্তা এ রুটের বিআরটিসিকে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে তারা সার্ভিস খারাপ দেবে। এক পর্যায়ে তা বন্ধ করে দেবে। অতীতে যেরকম ঘটেছে। 


এ ব্যাপারে বিআরটিসি’র নারায়ণগঞ্জ ডিপো ম্যানেজার শাহরিয়ার বুলবুল জানান, এ রুটে প্রতি ট্রিপে তিন হাজার টাকা খরচ হয়। কিন্তু উৎসব পরিবহন আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে। এ কারনে বিআরটিসি নিজস্ব ব্যবস্থাপনায় এটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে নিজস্ব ব্যবস্থাপনায় চালালেও বিআরটিসি’র ভাড়া, ষ্টুডেন্ট কনসেশন ইত্যাদি একইরকম থাকবে। বেসরকারি বাস মালিকদের সুবিধার জন্য এ ব্যবস্থা হচ্ছে কিনা তিনি এ ব্যপারে ঢাকায় বিআরটিসির পিআরও’র সাথে যোগাযোগ করতে বলেন।  


এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বললেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু বলে, বিআরটিসি ভালোর জন্য করলে ভালো। কিন্তু আমরা অতীতে দেখেছি বেসরকারি বাস মালিকদের প্রভাবে বিআরটিসি’র এসি বাস বন্ধ হয়ে গেছে। বছরের পর বছর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি’র চলাচলই বন্ধ ছিলো।   


যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি এ প্রসঙ্গে বলেন, বিআরটিসি যদি নিজেরা এটি ভালোভাবে পরিচালনা করার জন্য নিয়ে থাকে তাহলে তাদের স্বাগত জানাই। কিন্তু যদি তারা বেসরকারি বাস মালিকদের সুবিধা দেয়ার জন্য এটি করেছে বলে আমরা দেখি তাহলে আমরা এটি মানবো না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন