Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিকদের বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯ পিএম

শ্রমিকদের বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান
Swapno

আদমজী ইপিজেড-এর কুনতং  অ্যাপারেলস লিঃ (ফ্যাশন সিটি) এর শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নিকট স্মারকলিপি পেশ করেন।

 

সোমবার(৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই শ্রমিকগণ চিটাগাংরোড-আদমজী-নারায়ণগঞ্জ সড়কসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সকাল ১১টায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

 

এ সময় কারখানার শ্রমিক রমজানের সভাপতিত্বে শ্রমিকরা চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আদমজী ইপিজেড-এর কুনতং  অ্যাপারেলস লি. (ফ্যাশন সিটি) ১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি ১১ সেপ্টেম্বর থেকে লে-অফ করা হয়েছিল। ৪ মাস শ্রমিকদের লে-অফের টাকা মোট মজুরির এক চতুর্থাংশ দেয়া হয়। এতে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করেছে।

 

তারা বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে কারখানার মালিক ব্যাকডেটে অর্থাৎ ১ জানুয়ারি থেকে বেআইনিভাবে কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পাওনা কবে নাগাদ পরিশোধ করা হবে তাও বলা হয়নি।

 

শ্রমিকরা আরো বলেন, বন্ধ হওয়ার পর শ্রমিকদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। শ্রমিকদের ধারণা প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার জন্যই মালিক এই চক্রান্তের পথ নিয়েছে। এ সময় তারা শ্রমিকের আইনানুগ প্রাপ্য পাওনা পরিশোধে জেলা প্রশাসককে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শাখার সহসভাপতি আনোয়ার হোসেন খান, কারখানার শ্রমিক সিমা, তহুরা, রুবিনা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন