Logo
Logo
×

নগর জুড়ে

সিজেএম ভবনকে হৃদরোগ হাসপাতাল স্থাপনের প্রস্তাব শামীম ওসমানের

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৩ পিএম

সিজেএম ভবনকে হৃদরোগ হাসপাতাল স্থাপনের প্রস্তাব শামীম ওসমানের
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এমপি শামীম ওসমান বলেছেন, নগরীর পুরাতন কোর্ট এলাকায় নির্মিত অব্যবহৃত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ((সিজেএম) আদালত ভবনটিতে হৃদরোগ হাসপাতাল স্থাপন করা যেতে পারে। এতে নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে। হৃদরোগে আক্রান্ত হলে যানজটের কারণে ঢাকায় নিতে নিতে অনেকে মারা যায়। এছাড়া ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে মানুষের ব্যয়ও বেড়ে যায়। হৃদরোগ হাসপাতাল হলে মানুষ এসব ভোগান্তি থেকে মুক্তি পাবে। 

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এমপি শামীম ওসমানের আমন্ত্রনে নারায়ণগঞ্জ ক্লাবে তার সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, যুগ্ম-সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, কার্যকরী সদস্য ও সাবেক সভাপতি আরিফ আলম দীপু, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, বিল্লাল হোসেন রবিন ও লুৎফর রহমান কাকন।  


এসময় এমপি শামীম ওসমান আরো বলেন, যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রেলের ডাবল লাইনকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটি তৈরী হলে শহরে যানজট আরো বাড়বে। কারন ট্রেন চললে নগরীর চাষাড়া, বালুর মাঠ, গলাচিপা, নন্দিপাড়া, দুই নং রেলগেট, এক নং রেলগেট-এ পয়েন্টগুলি বন্ধ থাকে। ফলে যানজট সৃষ্টি হয়। বর্তমানে দিনে ষোলো জোড়া ট্রেন চলাচল করে। ডাবল লাইন হলে বত্রিশ জোড়া ট্রেন চলাচল করবে। ফলে খুব সহজ হিসাব করলেও যানজট এখনকার তুলনায় দ্বিগুণ হবে। এ সমস্যা সমাধানে ডাবল লাইন হওয়ার পরে ট্রেন চাষাড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকা প্রয়োজন।


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম জানান, ‘অব্যবহৃত সিজেএম ভবনকে হার্ট ইন্সটিটিউট হিসেবে স্থাপনে আমাদের দাবির সাথে এমপি শামীম ওসমানও একমত পোষণ করেছেন। আমরা এমপি সাহেবকে জানিয়েছি, নারায়ণগঞ্জের সকল উন্নয়নে আমরা সাংবাদিকরা তাঁর সাথে আছি। তিনিও জানিয়েছেন, সাংবাদিকদের যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া নারায়ণগঞ্জের কিছু সমস্যার বিষয়েও আমরা তুলে ধরেছি।   
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরো বলেন, আমরা এমপি শামীম ওসমান সাহেবকে জানিয়েছি, ‘নারায়ণগঞ্জ প্রেসক্লাব সবার, নারায়ণগঞ্জবাসীর। সর্বজনীন প্রেসক্লাব হিসেবেই নারায়ণগঞ্জ প্রেসক্লাব সবজায়গায় থাকবে। প্রেসক্লাবের দরজা সকলের জন্য খোলা।  আমাদের সাংবাদিকদের মাঝে কোন বিভেদ নেই।’ 

 

প্রসঙ্গত, নয় তলা নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের নির্মাণকাজ বেশ কয়েক বছর আগে শেষ হয়। এটি নগরীর পুরাতন কোর্ট এলাকায় নির্মিত হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের জেলা জজ আদালত ভবন প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত। ফলে আইনজীবিরা এখানে এসে বিচারকাজে অংশ নিতে অনিহা প্রকাশ করায় এ ভবনটি উদ্বোধন হচ্ছেনা।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন