শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে মিছিল সমাবেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৪ পিএম
অবিলম্বে আদমজী ইপিজেড-এর বন্ধ হওয়া কুনতং অ্যাপারেলস লি. (ফ্যাশন সিটি) এর শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাষাঢ়া শহিদ মিনারে সমাবেশ ও বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবীর, অর্থ সম্পাদক খোরশেদ আলম,
সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শাখার সহসভাপতি আনোয়ার হোসেন খান, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট’র পাগলা শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কারখানার শ্রমিক রমজান, সিমা, তহুরা, রুবিনা, জেসমিন, খাদিজা, রাজিয়া, রিনা প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, কারখানাটি ১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে লে-অফ করা হয়েছিল। ৪ মাস শ্রমিকদের লে-অফের মোট মজুরির এক চতুর্থাংশ দেয়া হয়। তাতে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করেছে।
নেতৃবৃন্দ বলেন, কিন্তু মালিক বেআইনিভাবে জানুয়ারির শেষ সপ্তাহে পিছনের তারিখে অর্থাৎ ১ জানুয়ারি থেকে কারখানা বন্ধ ঘোষণা করে। এখানে শ্রমিকদের আইনানুগ প্রাপ্য কবে পরিশোধ করা হবে তা বলা হয়নি। মালিকের এহেন কাজে শ্রমিকরা আশঙ্কা করছে তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার জন্যই মালিকপক্ষ এই চক্রান্তের পথ নিয়েছে।
সমাবেশে অবিলম্বে শ্রমিকের আইনানুগ প্রাপ্য পাওনা পরিশোধের ব্যবস্থা দাবি করেন নেতৃবৃন্দ।


