বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসতে মরিয়া! (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬ পিএম
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক! সড়কের দুইধারের ফুটপাতে হকার বসার ব্যাপারে বেশ কড়াকড়ি রয়েছে প্রশাসনের। টহল পুলিশ প্রায় সারাদিনই হকারদের নজরদারিতে রাখে। হকাররাও হাল ছাড়তে নারাজ। পুলিশের কড়া টহলের মাঝেও জিনিসপত্র নিয়ে বসে পড়েন হকাররা।
পুলিশ দেখলেই মালপত্র নিয়ে সটকে পড়েন হকাররা। কখনো জিনিসপত্র নিয়েই সড়কের মাঝে নেমে পড়েন। আবার উঠেন কিছুক্ষণ পর। হকারদের দাবি, পেটের দায়ে তারা বঙ্গবন্ধু সড়ক দখল করে বসেন। হকার মার্কেটে কেন বসেননা এর উত্তর তারা দিতে নারাজ। পুলিশ বলছে, কোনক্রমেই তারা ব্যস্ত বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকারবসতে দেবেননা। যাদের চলাচল নির্বিঘ্নে করার জন্য পুলিশের এই নজরদারি, তাদের অনেকেই আবার হকারদের লুকোচুরির ফাঁকেও কিনছেন ফুটপাতে দাঁড়িয়েই।
তবে নগরবাসীকে ফাঁকা ফুটপাত দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে প্রশাসনও বদ্ধ পরিকর।


