তোমরা পৃথিবীময় নারায়ণগঞ্জের নামকে আলোকিত করবে : মোস্তাইন বিল্লাহ
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমি চাই আমাদের সন্তানদের মেধার যথাযথ পরিস্ফুরণ ঘটুক, যথাযথ বিকশিত হোক। কিন্তু সেটি যেন অকালে নষ্ট না হয়। আমি প্রত্যাশা করি আমাদের নারায়ণগঞ্জের ছেলে মেয়েরা আগামী দিনে সারা দেশের সাইন্স এবং টেকনোলজীতে অগ্রণী ভূমিকার রাখবে, নেতৃত্ব দিবে এবং সারা পৃথিবীময় নারায়ণগঞ্জের নামকে আলোকিত করবে।
বুধবার (২৭ জানুয়ারি) নারাায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় জেলা প্রশাসক আরো বলেন, আমরা নারায়ণগঞ্জে কিছু আইনস্টাইনের মত বিজ্ঞানী চাই। যারা নারায়ণগঞ্জকে তথা সারা বাংলাদেশকে পরিবর্তন করবে। এসময় তিনি টমাস আলভা এডিসনের বিভিন্ন আসিষ্কারসহ তার জীবনে তার মায়ের ভূমিকার ঘটনার কথা উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশ্যে এডিসনের মায়ের মতো ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, অনেক শিক্ষকই অভিযোগ করেছেন যে তাদের অনেক শিক্ষার্থীই জুমের মাধ্যমে ভিডিও ক্লাসে উপস্থিত হয়ে হঠাৎ ভিডিও বন্ধ করে কোথায় নাকি চলে যায়। তাই তিনি সকল অভিভাবকদের প্রতি তাদের সন্তানের প্রতি খেয়াল রাখার আহবান জানান। কোন শিক্ষার্থী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে কি না সে দিকে খেয়াল রাখার জন্য শিক্ষার্থীদের বাবা-মা এবং বড় ভাই বোনদের সতর্ক থাকতে বলেন।
জেলা প্রশাসক বলেন, ডিজিটাল আসক্তি, সাইবার আসক্তি কিংবা মোবাই ফোনের আসক্তি মেডিসিন ট্যাবলেট কেন্দ্রীক আসক্তির তুলনায় অনেক বেশী ক্ষতিকর।
তিনি বলেন, আমাদের মোবাইলকে নিয়েই বাঁচতে হবে। আমরা কীভাবে আমাদের সন্তানেরা ভবিষ্যতে দক্ষ, মানবিক এবং জ্ঞান সম্পন্ন সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে পারে এই মেলার প্রজেক্ট থেকে এই আসক্তি থেকে একটা বাঁচার পথ পেয়ে যাবে।
এই জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা স্বপ্ন দেখি আমাদের সন্তানেরা রোবটিক্স নিয়ে কাজ করবে, আমরা স্বপ্ন দেখি আমাদের সন্তানেরা জগদীশ চন্দ্র বসু, ড. কুদরতই খোদাকে ছাড়িয়ে যাবে। আমাদের সন্তানেরা আলোকিত করবে নারায়ণগঞ্জকে, বাংলাদেশকে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা ফোন ব্যবহার করার অফুরন্ত সময় পাবে। যখন তোমরা কর্মে যাবে, দক্ষ হবে, দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হবে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা কর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) মো. শামীম বেপারীর সভাপতিত্বে আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রভাষক শাহানাজ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ, সরকারী তোলারাম কলেজের উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রভাষক অতিকা খানম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।


