উপজেলা চেয়াম্যানদের দাবী না মানলে দেশব্যাপী আন্দোলন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৯:১৯ পিএম
আমলাদের বাধার কারনে উপজেলা পরিষদ বাস্তবায়ন হচ্ছেনা বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলার উপজেলা চেয়ারম্যানগণ। ২০১০ সালে রাষ্ট্রপতির আদেশে গেজেটকৃত উপজেলার ১৭টি প্রশাসনিক কার্যক্রম উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে পরিচালনার দাবী জানান নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার চেয়াম্যানগণ। অন্যথায় এ দাবীতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা ঘোষণা দেন।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তারা এ ধরণের অভিযোগ ও আহবান জানান। সভাটির আয়োজন করেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন।
বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজাদ বিশ্বাস, রুপগঞ্জের শাজাহান ভূইয়া, আড়াইহাজারের মুজাহিদুর রহমান হেলো সরকার, রফিকুল ইসলাম রফিক, বন্দরের সানাউল্লাহ সানু ও সালিমা হোসেন শান্তা, রুপগঞ্জের ফেরদৌসি আলম নীলা, সদরের ফাতেমা মনির, আড়াইহাজারের ঝর্না বেগম, সোনারগাঁয়ের ফেরদৌসি আক্তার ফেন্সি প্রমুখ।
মতবিনিময় সভায় চেয়ারম্যানরা আরো জানান, ১৯৯৮ সালে আইন প্রবর্তন করে ২০০৯ সালে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ প্রবর্তন করা হয়েছে। যা আরো কার্যকর করতে ২০১১ সালে উপজেলা পরিষদ আইনকে সংশোধন করা হয়।
তারা বলেন, তৃতীয় তফসিলের মাধ্যমে উপজেলার ১৭টি বিভাগের কর্মকর্তা, কর্মচারি ও তাদের কার্যাবলী উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এ হস্তান্তরের পরে প্রায় এক যুগ চলে গেলেও এ ১৭ টি বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বেই চলছে। উপজেলা চেয়ারম্যানদের আওতাধীনে এসব বিভাগ দেয়া হয়নি।
তারা জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের জারিকৃত সকল নির্দেশ উপেক্ষা করে ভিন্ন ভিন্ন মন্ত্রনালয় এসব বিভাগের জন্য আলাদা পরিপত্র জারি করে এগুলি ইউএনও’র দায়িত্বেই রেখেছেন। এসব পরিপত্র ইনডেমনিটি অধ্যাদেশের মতো উপজেলা আইনের সাথে সাংঘর্ষিক ও অসামঞ্জস্যপূর্ন।
তাদের মতে, পাকিস্থানীরা যেমন বাঙ্গালীর শাসন মেনে নিতে পারেনি তেমনি সরকারি আমলারা স্থানীয় প্রশাসনে জনপ্রতিনিধিদের শাসন মেনে নিতে পারছে না।
এ দাবীতে তারা আগামী ২৭ জানুয়ারী সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবেন। এরপরেও দাবী মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন।


