কুনতং অ্যাপারেলস চালুর দাবিতে শ্রমিক সমাবেশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৭:৫১ পিএম
লে-অফের নামে বন্ধ হওয়া আদমজী ইপিজেড’র কুনতং ্অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) অবিলম্বে চালুর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় চাষাঢ়া শহিদ মিনারে কুনতং অ্যাপারেলস এর শ্রমিক রমজানের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। এসময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কুনতং অ্যাপারেলস ১১ সেপ্টেম্বর থেকে লে-অফ করা হয়েছে। ৪ মাস যাবৎ শ্রমিকদের লে-অফের যে টাকা দেয়া হয় তাতে শ্রমিকদের জীবনযাপন করা দুঃসহ হয়ে পড়েছে। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।
তারা বলেন, মালিক কবে কারখানা চালু করবে তা এখনো বলছে না। এমনিতেই করোনাকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়েছে। দাবি উঠেছে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদানের। সেখানে আইন লঙ্ঘন করে কুনতং অ্যাপারেলস শ্রমিকদের লে-অফের নামে এক চতুর্থাংশ মজুরি দিচ্ছে। দীর্ঘকাল ফ্যাক্টরি লে-অফ থাকলে শ্রমিকদের চলবে কীভাবে? এটা দেখার কেউ নাই।
তাদের ধারণা, কারখানার পুরনো শ্রমিকরা যেন নিজে থেকেই চাকরি ছেড়ে চলে যায় তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার জন্যই মালিক এই চক্রান্তের পথ নিয়েছে। তাই নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালুর দাবি জানান।


