রাজউকের প্রস্তাবের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১০:০৮ এএম
ভবনের উচ্চতা সর্বোচ্চ চারতলা এবং বিশেষ শর্তে সর্বোচ্চ ছয়তলা করার রাজউকের প্রস্তাবের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার্স এসোসিয়েশন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনারের ভেতরে ও বাইরে চলে এই কার্যক্রম। বিকেলে শহীদ মিনারের অভ্যন্তরে প্রতিবাদ সভারও আয়োজন করে আবাসন ব্যবসায়ীদের এই সংগঠন।
নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি নাসির হায়দার চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সহসভাপতি মোহাম্মদ পারভেজ, এসএম পাভেল, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সাঈদ, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ রেজোয়ান মেহেদী। সভা পরিচালনা করেন মকসুদুর রহমান জাবেদ।
এ সময় বক্তারা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) এ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় ভবনের উচ্চতা ৩-৪ তলা ও বিশেষ শর্তে ৫-৬ তলা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে। এর বেশি উচ্চতার ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক অনুমতি দিবে না বলে জানিয়েছে। এই প্রস্তাব উন্নয়নবিমুখ করার প্রস্তাব।
এই প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলে সাধারণ মানুষ তার আবাসনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। পাশাপাশি একটি শহরের ব্যবসায়ীক উন্নয়ন কাজও বাধাগ্রস্ত হবে। একই সাথে আবাসন ব্যবসায়ীরাও এতে ব্যাপক ক্ষতিপ্রস্ত হবে। নামমাত্র গণশুনানির আয়োজন করে এই প্রস্তাব বাস্তাবায়নের পরিকল্পনা করছে রাজউক।
সংগঠনের সভাপতি নাসির হায়দার চৌধুরী বলেন, নারায়ণগঞ্জের মানুষ যাতে রাজউকের এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে সেজন্য গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আরও তিনদিন চলবে। আগামী ১৭ জানুয়ারি বন্দর ঘাট এলাকায়, ১৮ জানুয়ারি শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় এবং ১৯ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এই গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি চলবে বলে জানান নাসির হায়দার।


