কুনতং অ্যাপারেলস চালুর দাবিতে শ্রমিকদের মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৮:৩৮ পিএম
আদমজী ইপিজেড এর কুনতং অ্যাপারেলস লি. (ফ্যাশন সিটি) অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
কারখানার শ্রমিক রমজানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শাখার সহসভাপতি আনোয়ার হোসেন খান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, কারখানাটি ১১ সেপ্টেম্বর থেকে লে-অফ করা হয়েছে। ৪ মাস যাবত লে-অফের যে টাকা দেয়া হয় তাতে শ্রমিকদের জীবন চলে না। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।
মালিক কবে কারখানা চালু করবে তা এখনো বলছে না। করোনাকালে নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেড়েছে। দাবি উঠেছে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদানের। সেখানে কুনতং অ্যাপারেলস লি. এর শ্রমিকদের আইন লঙ্ঘন করে লে-অফের নামে এক চতুর্থাংশ মজুরি দেয়া হচ্ছে।
তারা বলেন, বেপজা আছে, শিল্প পুলিশ আছে, প্রশাসন আছে কেউই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের এসব জায়গায় লিখিত অভিযোগ দিলেও সংকট নিরসনে কেউ এগিয়ে আসেনি।
বাস্তবে কারখানার পুরনো শ্রমিকরা যেন নিজে থেকেই চাকরি ছেড়ে চলে যায় তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার জন্যই মালিক এই চক্রান্তের পথ নিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালুর দাবি করেন।
সমাবেশ মিছিল শেষে কারখানার শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ প্রদান করেন।


