Logo
Logo
×

নগর জুড়ে

শত বছরের ঐতিহ্যে ‘বোস কেবিন’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৬:০১ পিএম

শত বছরের ঐতিহ্যে ‘বোস কেবিন’
Swapno

বাংলাদেশের অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। সবচেয়ে ছোট্ট জেলা হলেও প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এ নারায়ণগঞ্জের ইতিহাস শত শত বছরের। হাজারো ঐতিহ্যে সমৃদ্ধ এ নগরী। এক কাপ চায়েও মেলে এ নগরীর ইতিহাসের কথন। আর তারই অন্যতম উদাহরণ নারায়ণগঞ্জের ‘ নিউ বোস কেবিন’।

বিট্রিশ আন্দোলন থেকে শুরু করে ৫২-এর ভাষা আন্দোলন,৭১’র মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন জাতীয় রাজনীতিবিদ থেকে শুরু করে অনেক গুণীজনের আড্ডাস্থল হিসেবে ৯৯ বছর ধরে জনপ্রিয় হয়ে আছে।

নারায়ণগঞ্জ শহরের ১ ও ২ নং রেলগেটের মধ্যবর্তী ফলপট্টি এলাকায় এর অবস্থান। সময়ের আর্বতনে বোস কেবিনে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। ছোট্ট টঙ ঘর (চালাঘর) থেকে রুপান্তর করা হয়েছে পাকাঘরে। টুল সরিয়ে বসানো হয়েছে সারি সারি চেয়ার টেবিল।  

সেখানেই কথা হয় বোস কেবিনের তৃতীয় প্রজন্ম ও বর্তমান মালিক তারক চন্দ্র বসু’র সাথে। দাদা নৃপেন্দ্রচন্দ্র বসু ও বাবার  মারা যাওয়ার পর বোস কেবিনের হাল ধরতে হয় তাকেই।

বোস কেবিনের যাত্রা :

এন্ট্রাস (বর্তমানে এসএসসি) পাশ করার পর চাকরী করবে না বলে ২০ বছর বয়সেই বাড়ি থেকে বের হয়ে যান বিক্রমপুরের ষোলঘরের বাসিন্দা নৃপেন্দ চন্দ্র বসু । জীবিকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে আসেন। প্রথমে পাটের সাথে জড়িত হলেও তারপর অসুস্থতার ফলে তা আর সম্ভব হয়ে উঠেনি।

পরে ১৯২১ সালে নারায়ণগঞ্জের ১নং রেল গেটের পাশেই একটি ছোট্ট টঙ ঘরে  কড়া লিকারের চাকে সম্বল করে বিস্কুট,রুটি নিয়ে ছোট্ট রেঁস্তোরা শুরু করেন নৃপেন্দ ওরফে ভুলুবাবু। পারিবারিক পদবির সাথে সামঞ্জস্য রেখে রেস্তোরাটির নাম দেয়া হয় নিউ বোস কেবিন।

শুরু থেকেই তার কড়া লিকারের সুগন্ধি চা বেশ জনপ্রিয় হয়ে উঠে নারায়ণগঞ্জে। এমনকি এই কড়া লিকারের চায়ের চুমুক দিয়ে আকৃষ্ট হয়েছিলেন নেতা সুভাষ চন্দ্র বসুও। তেমনটাই জানালেন ঐতিহ্যবাহী বোস কেবিনের বর্তমান সত্ত্বাধিকারী বাবু তারেক বোস (বোম্বাই)।

তিনি বলেন, ‘১৯৩৭ সালে একবার নেতাজি সুভাষ চন্দ্র বসু নারায়ণগঞ্জে এসেছিলেন। পুলিশ নারায়ণগঞ্জের সেন্ট্রাল বন্দর ঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ভুলুবাবু নেতাজির জন্য কড়া ও হালকা লিকারের দুই কেটলি চা বানিয়ে  থানায় ছুটে যান। সেই চা খেয়ে খুশি হয়ে দাদাকে আশীর্বাদ করেছিলেন।’

বোস কেবিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাহিত্যিক সৈয়দ শামসুল হকসহ ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে রাজনৈতিক আন্দোলনের সময় নারায়ণগঞ্জসহ অন্যান্য অঞ্চলের তৎকালীন জাতীয় রাজনীতিবিদ, কবিসাহিত্যিক,সাংবাদিক ও নানা গুণীজনের আড্ডাস্থল ছিলো এখানে। ধীরে ধীরে বোস কেবিন আরো পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠে।

তারক চন্দ্র বসু বলেন,  বোস কেবিন শুধু চা নয় আড্ডার জন্যও বিখ্যাত। বোসকেবিন আড্ডাপ্রিয় মানুষের কেন্দ্রস্থলও বলতে পারেন। এখানে এমন অনেক ক্রেতা আছে যারা বোস কেবিনে অর্ধশত বছর ধরে আছে।

বোস কেবিনের স্পেশাল ‘কাটলেট’ :

কড়া লিকারের রং চা জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বোস কেবিনের কাটলেটেরও বেশ সুখ্যাতি আছে। অনেকেই এখানে আসেন কেবল কাটলেটের টানে।

এছাড়া সকালের নাশতায় পরোটা-ভাজিসহ রয়েছে ডিমের ছয় রকম পদ। পাওয়া যাবে ডাল, হালুয়া, খাসি ও মুরগির মাংসের তরকারি,বিরিয়ানী। সকালে পাওয়া যাবে ডিমের স্পেশাল ওমলেট। সকালের নাশতা শেষ হলে শুরু হয় মাংসের চপ, ডিমের চপ, কাটলেট, ভাজা মুরগি, মাংসের সঙ্গে সাদা পোলাও এবং বাটার টোস্ট বিক্রি।

দুপুরের দুই ঘণ্টা বাদে এখানে চা পাওয়া যায় সারাদিন। শুরু থেকে আজ অবধি এই নিয়মেই চলছে বোস কেবিন। এমনটাই জানালেন ষাটোর্ধ্ব সঞ্জিত চন্দ্র দাস। ৪২ বছর যাবৎ বোস কেবিনের সাথে যুক্ত আছে সে।

স্মৃতিচারণ করে বলেন, হাফপ্যান্ট পরে বোস কেবিনে আসছিলাম। তারপর আর এখান থেকে ছুটতে পারি নাই। মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থাকতে চাই।

খুব শিগগিরই বোস কেবিনের মানোন্নয়নের কাজ শুরু হবে জানালেন তারক চন্দ্র বসু। ২০২১ সালে বোস  কেবিনের ১০০ বছর উপলক্ষ্যে জাতীয়ভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঐতিহ্যবাহী বোস কেবিনের সত্ত্বাধিকারী বাবু তারেক বোস (বোম্বাই) যুগের চিন্তাকে জানান, বোস কেবিনের চা এতো ভাল কারণ এখানকার চা বানানোর আগে পানি অনেকক্ষণ ফুটানো হয়। চায়ের লিকার কড়া থাকার কারণে চা এতো ভাল হয়। আমি গ্র্যাজুয়েশনের পর বোস কেবিনের দায়িত্ব নেই।

বোস কেবিন এখন আর শুধু আমাদের প্রতিষ্ঠান নেই। এটি সবার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানকার আড্ডা আমাদের প্রাণ। এই প্রতিষ্ঠানের কারণে আজ আমাদের সবাইকে চেনে।আমার দাদুর সময় থেকেই বোসকেবিন মানুষের মন জিতে নিয়েছে।

বোস কেবিনের একশত বছর পূর্তি হতে যাচ্ছে এ প্রসঙ্গে বাবু তারক বোস বলেন, একশত বছরের একটা প্রতিষ্ঠানের কর্ণধার বর্তমানে আমি এতে আমার অনুভূতি বলে বোঝানোর মতো নয়। তিনি বলেন, বোস কেবিনের প্রতিষ্ঠার পর আমার দাদু প্রায় চল্লিশ বছর চা এবং লাঠি বিস্কুট বিক্রি করতো। তিনি নিজের হাতে চা বানাতে পছন্দ করতেন।
 
তিনি বলেন, বোস কেবিন মূলত চায়ের দোকান। দ্বিতীয় প্রজন্মে আমার বাবা এটার পরিধি বৃদ্ধি করেছেন। বর্তমানে আমি শুধু রক্ষণাবেক্ষণ করছি।
 
তিনি বলেন, আমার কোন কাস্টমার নিজেকে শুধু কাস্টমার মনে করে না। তারা মনে করে এই প্রতিষ্ঠানটা আমাদের।
 
তিনি বলেন, সকালে, পরোটা, ডিম, হালুয়া, ডাল ও চায়ের ব্যবস্থা করা হয়। দুপুরে পোলাও, মুরগী, খাসির ব্যবস্থা করা হয়। বিকেলে চা, আলুর চপ, মাটন কাকলেট, চিকেন ফ্রাই, ডিম পোস্ট ও পরোটার ব্যবস্থা করা হয়।
 
তিনি বলেন, আমাদের মুসলিম বাবুর্চি এখানে হালাল প্রক্রিয়ায়ই রান্না করে থাকে। বর্তমান বাবুর্চি এখানে ৪০ বছর যাবত কাজ করছে বলে তিনি জানান। বর্তমানে ১৯ জন কর্মচারী এখানে কাজ করছে বলে তিনি জানান।
 
বোস কেবিনের আড্ডার পরিবেশ পরিবর্তনের বিষয়ে তার মতে, আগে শহরে লোকসংখ্যা কম ছিল। তাই সিনিয়রদের আড্ডাই বেশী ছিল। তিনি বলেন, আগে বাড়িওয়ালাদের সংখ্যা ছিল বেশী কিন্তু এখন ভাড়াটিয়ার সংখ্যা বেশী। 

তিনি বলেন, বোস কেবিনে এক সময়ে সাংবাদিকদের প্রচুর আড্ডা ছিল। এখন তার পরিমাণ খুবই কম বলে তিনি মনে করেন। একশত বছর পূর্তি উপলক্ষে বোস কেবিনে জাকজমকপূর্ণ আয়োজন করার প্রস্তুতি নিয়েছেন বলে জানান বাবু তারেক বোস  (বোম্বাই)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন