করোনায় না’গঞ্জের সাংবাদিকদের ভূমিকা উজ্জ্বল : বিদায়ী জেলা প্রশাসক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০১:২৬ এএম
নারায়ণগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, করোনার সময় নারায়ণগঞ্জের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনা মোকাবিলার সময় নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনেক উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তবে তিনি নারায়ণগঞ্জ শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে বলে মনে করেন।
রোববার (৩ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে এক সময় খগেন্দ্রনাথ চক্রবর্তী, করুনাময় গোস্বামীসহ অনেক বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন। শিক্ষাবিদদের মধ্যে সর্বশেষ বলা যায় মুজিবুল হক কবিরের নাম। এরপরে নারায়ণগঞ্জে আর কোনো শিক্ষাবিদের নাম আমরা বলতে পারি না।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে আমাদের অনাগ্রহ, শিক্ষাবিদদের প্রতি আমাদের সম্মানের আগ্রহের অভাবের কারণে হয়তো নারায়ণগঞ্জে আর শিক্ষাবিদকে আমরা পাচ্ছিনা।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি খন্দকার শাহ্ আলম, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি হাবিবুর রহমান শ্যামল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠু প্রমুখ।


