রোটারী সেন্টার উদ্বোধন করলেন মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:২২ পিএম
নারায়ণগঞ্জে রোটারী সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোটারী ক্লাবগুলোর নিয়মিত সভার জন্য নগরীর বঙ্গবন্ধু রোড মন্ডলপাড়ায় এ সেন্টার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রোটারী সেন্টারটি উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা গর্ভনর রুবায়েত হোসেন।
রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ বাংলাদেশে মোট ২৪০টি রোটারী ক্লাব রয়েছে। এর মধ্যে ১৯টি রোটারী ক্লাব নারায়ণগঞ্জ অঞ্চলে। যারা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে। বিশেষ করে দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে তারা নিয়মিত থাকেন। চিকিৎসেবা নিয়ে ভবিষ্যতে তাদের সুদীর্ঘ পরিকল্পনা রয়েছে।
সেন্টারটি উদ্বোধনকালে মেয়র আইভী বলেন, মানবসেবায় রোটারী ক্লাবগুলোর ভুমিকা রয়েছে। সিটি কর্পোরেশন রোটারী ক্লাবগুলোর সাথে মানবসেবায় যুক্ত হতে চায়। এসময় তিনি নগরীতে রোটারী ক্লাবকে যৌথভাবে একটি হাসপাতাল করার প্রস্তাব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা গর্ভনর এম. জামাল উদ্দিন, হাফিজুল্লাহ, সামসুল হুদা, মোহাম্মদ আইয়ুব, সেলিম রেজা। এসময় নারায়ণগঞ্জের ১৯টি ক্লাবের প্রেসিডেন্ট গর্ভনরসহ অন্যান্য রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।


