শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১০:৪২ পিএম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট থেকে টার্মিনাল ঘাট পর্যন্ত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উচ্ছেদকর্মী, বিপুল সংখ্যক নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।
অভিযান প্রসঙ্গে শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ নদীর পাড়ের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে কাজ করে যাচ্ছে।
সে অভিযানের অংশ হিসেবে দুই মাস পূর্বে ৫নং ঘাট থেকে টার্মিনাল ঘাট পর্যন্ত মাছ বাজারের দুই পাশের যে অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছিলাম। কিন্তু কিছুদিনের ব্যবধানে দখলদাররা আবারো সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে।
এই সারঘাট ও মাছ বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে যারা সৌন্দর্য্য নষ্ট করছে আমরা তাদের উচ্ছেদ করেছি। সোমবার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবারও ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে।
আমাদের এই অভিযান চলমান থাকবে। নদীর তীরের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে প্রতি সপ্তাহেই আমাদের অভিযান চলমান থাকবে।


