৬টি চিনিকল ও ২৫ টি পাটকল চালুর দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:৫০ পিএম
বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল ও ২৫ টি পাটকল আধুনিকায়ন করে অবিলম্বে চালু, বিরাষ্ট্রীয়করণ বন্ধ, বাজার দরের সাথে সঙ্গতি রেখে আইন করে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণাসহ ৯ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নারায়ণগঞ্জ জেলা। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আজগর আলী, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জাতীয় শ্রমিক লীগের মহানগরের সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, টিইউসির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা।
মানবন্ধনে নেতৃবৃন্দ বলেন, সরকার ২ ডিসেম্বর ২০২০ কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ ঘোষণা করেছে। লোকসানের অজুহাতে এই চিনিকলগুলো বন্ধ করেছে।
এর আগে সরকার ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করেছে। সরকারের বেসরকারিকরণ নীতির অংশ হিসাবে এই বন্ধ প্রক্রিয়া চালাচ্ছে। ৬টি চিনিকলে ২৮৮৪ জন শ্রমিক কর্মরত। করোনাকালে পাটকলগুলোতে ৫০ হাজার শ্রমিক কাজ হারিয়েছে।
পাটকল ও চিনিকলের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাটের উদ্দেশ্যে সরকার লুটপাটকারী মালিকদের হাতে তুলে দিচ্ছে। মাত্র ১২০০ কোটি টাকা ব্যয়ে পাটকলগুলিকে আধুনিকায়ন করার পরিবর্তে লোকসানের অভিযোগ তুলে আমলাতন্ত্রের দুর্নীতির দায় শ্রমিকদের উপর চাপিয়ে রাষ্ট্রীয় পাটকল ও চিনিকলসমূহ বন্ধ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যাক্তি মালিকদের লুটপাটের সুযোগ করে দেয়া হচ্ছে।
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বি। কিন্তু শ্রমিকের মজুরি বাড়ছে না। আমাদের দেশে অল্প কিছু সেক্টরে মজুরি বোর্ড এবং নিম্নতম মজুরি আছে। বেশিরভাগ সেক্টরে নিম্নতম মজুরি নেই। যেখানে আছে সেখানে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতিবিধানের কোন ব্যবস্থা নেই।
দেশের সকল শ্রমজীবীদের জন্য আইন করে জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করতে হবে এবং প্রতি বছর তা বাজারদরের সাথে সঙ্গতিবিধান করতে হবে।


