রাসেল পার্ক, লেক দ্রুত বাস্তবায়ন, বিকল্প ঈদগাহ্’র দাবীতে মানবন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫০ পিএম
শেখ রাসেল নগর পার্ক, লেক দ্রুত বাস্তবায়ন ও বিকল্প ঈদগাহ্ ময়দান প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে “আমরা নারায়ণগঞ্জবাসী” নামে একটি সংগঠন। সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় জল্লারপাড় এলাকায় মানববন্ধনে বিভিন্ন এলাকার শত শত সচেতন নারায়ণগঞ্জবাসী উপস্থিত থেকে স্লোগান ধরেন “শেখ রাসেল নগর পার্ক, লেক দ্রুত বাস্তবায়ন করো, করতে হবে”“বিকল্প ঈদগাহ্ ময়দান প্রতিষ্ঠা কর, করতে হবে”, “ভূমি দর্স্যুদের কাল হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও”, “ধুলাবালি থেকে পরিবেশ রক্ষা কর, করতে হবে”।
মানববন্ধনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহাম্মেদ বলেন, শেখ রাসেল নগর পার্ক ও লেকের বর্ধিত অংশ তৈরিতে ঠিকাদারের দীর্ঘসূত্রিতা এবং অবৈধ দখলদারদের অপতৎপরতার কারণে উন্নয়ন কাজ বিলম্বিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। যেখানে লেকের কাজ হচ্ছে সেটি রেলের সম্পত্তি হলেও এটির মালিক রাষ্ট্র। আর রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, তাই এটি জনগণের সম্পত্তি।
এখানে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ১৮৮৬ সালে কোলকাতা হাইকোর্টের নির্দেশনা বলে এই জায়গার মালিক রেলওয়ের কোন ব্যক্তি এই জায়গার মালিক হতে পারে না।
তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে যাতে এই শেখ রাসেল নগর পার্ক ও লেকটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যায়, সেভাবে কাজ তরান্বিত করার দাবী জানাই। ২০/২২ বৎসর ব্যাপী তিলে তিলে খাল ভরাট করে আমরা একটি ঈদগাহ ময়দান তৈরি করেছিলেন। সেখানে ১৭ বৎসর দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি স্কুল ঘর নির্মাণ করেছিলাম।
শেখ রাসেল নগর পার্ক ও লেকের বৃহত্তর স্বার্থে আমরা ঈদগাহ্ ও স্কুল ঘরটি বিসর্জন দিয়েছি। মেয়রের সাথে সাক্ষাৎ করলে তিনি আমাদেরকে বিকল্প জায়গায় একটি ঈদগাহ ময়দান পুন:নির্মাণের আশ^াস প্রদান করেন। আমরা সেই প্রতিশ্রুত ঈদগাহ ময়দানটি জরুরী ভিত্তিতে পুন:নির্মাণের জন্য মাননীয় মেয়রের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম বলেন, শেখ রাসেল নগর পার্ক ও লেকের বর্ধিত অংশ নির্মাণে যারা অবৈধভাবে বাধা সৃষ্টি করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখেন নিজ উদ্যোগে নিজেদের স্থাপনা ও সাইনবোর্ড সরিয়ে নিতে, অন্যথায় জনগণ এই সকল বাধা অতিক্রম করে পার্ক ও লেকের কাজে সহযোগিতা করে তা যে কোন মূল্যে বাস্তবায়ন তরান্বিত করবে।
তিনি আরও বলেন, আমাদের অত্র অঞ্চলে ঈদগাহ ময়দান নেই। তাই লেকের পূর্ব পাশে মনোরম সুন্দর পরিসরে একটি ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার জন্য মেয়রের প্রতি জোর দাবী জানাই।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু এলাকাবাসীর স্বার্থে শেখ রাসেল নগর পার্ক, লেক ও বাবুরাইল খালের কাজ দ্রুত বাস্তবায়ন ও দীর্ঘদিনের দাবী একটি ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার জোর দাবী জানান।
পাশাপাশি তিনি এই ধরনের উন্নয়নমূলক কাজে ভূমিদস্যুরা যাতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে এলাকাবাসীসহ সচেতন নারায়ণগঞ্জবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসীর সাংগঠনিক সম্পাদক হাজী রমজানুল রশীদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, মো. হোসেন কাজল, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, যুব নেতা খালিদ হাসান, কাদিরিয়া তৈয়্যাবিয়া মাদ্রাসার সেক্রেটারী মোবারক হোসেন, যুব নেতা তাহের উদ্দিন সানী।
আরও উপস্থিত ছিলেন ইয়াদ পত্রিকা সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম খান, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমসের আলী মিলন, রমিজ উদ্দিন রমু, জুয়েল হক, মোঃ শাহজাহান, রমিজ উদ্দিন মোল্লা, আঃ রশিদ সরদার, হাজী আবুল হাশেম, তোফাজ্জল হোসেন, আমিনা বেগম, হাজী সেলিম হোসেন, হাজী মোঃ আঃ গফুর, আবুল সরদার, হাজী জাহাঙ্গীর কবির পোকন, খ ম সুলতান, নজরুল খন্দকার, মোঃ জাফর, মোঃ স্বপন, নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, নূর হোসেন, শুক্কুর মিয়া, সুলতান, এন আই রোমান, হাজী গোফরান শেখ, হাজী কাইয়ুম নবাব, মোঃ হুমায়ুন সহ বিভিন্ন এলাকার শত শত সচেতন নারায়ণগঞ্জবাসী উপস্থিত ছিলেন।


