চাষাঢ়ায় ফিল্মি স্টাইলে তান্ডব, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম
মহান বিজয় দিবসের আগের রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তুচ্ছ ঘটনায় এক যুবকের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত মধ্য রাতে নগরীর দুই নম্বর রেল গেইট থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০ পিছ ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন।
গ্রেফতারকৃতরা হচ্ছে নগরীর কে বি সাহা রোডের আমলাপাড়া মাছুয়াপাড়া এলাকার ইসলামের ছেলে অনিক, ফতুল্লার কায়েমপুর এলাকার ফকিরা গার্মেন্টস সংলগ্ন আব্দুল সত্তার এর বাড়ীর ভাড়াটিয়া মহসিন মিয়ার ছেলে রবিন এবং অপ্রাপ্ত বয়স্ক এক কিশোর।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিনিয়র সহকারি পরিচলালক মো: সুমিনুর রহমান জানান, গেফতারকৃতরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা-ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে আমলাপাড়া ও মাছুয়াপাড়া এলাকায় ত্রাস সৃষ্টিসহ নিয়মিত দলবদ্ধভাবে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল বলে অনুসন্ধান করে প্রমান পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদেরও তারা বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরো জানান, কিশোর গ্যাং অনিক গ্রুপের বিরুদ্ধে বিভিণ্ন অভিযোগ পেয়ে র্যাব-১১ একটি গোয়েন্দা তদন্ত দল তাদের সম্পর্কে খোঁজ খবর নেয়াসহ অনুসন্ধান শুরু করে। অভিযোগের সত্যতা পেয়ে এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাতে দুই নম্বর রেল গেইট চত্ত্বরের পশ্চিম পার্শ্বে আল্লার দান বিরানী হাউজ নামের খাবারে হোটেলের সামনে অভিযান চালায়।
এসময় সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইয়াবা সেবন করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের তিন সদস্যকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনসহ এই কিশোর গ্যাং এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে চাষাঢ়ার বিজয়স্তম্ভের নিকটবর্তী পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও প্রিপারেটরী স্কুলের মধ্যবর্তী বংগবন্ধু সড়কে ফিল্মি স্টাইলে তান্ডব চালায় অনিকসহ কিশোর গ্যাংয়ের সাত আটজন সদস্য।
তুচ্ছ ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির উপর হামলা করে পশুর মতো নির্যাতন করা তারা। রাস্তা বন্ধ করে দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই দফায় তাকে বেধড়ক মারধর করে। তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়।
হামলার ঘটনার পর আশপাশের লোকজন আহত আলমগীরকে উদ্ধার করে সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সদর মডেল থানায় গিয়ে এ ব্যাপারে তিনি লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে যায়। আলমগীর হোসেন শহরের উত্তর চাষাঢ়া এলাকার রবিনের বাড়ির ভাড়াটে।
এ ঘটনার বিষয়ে বুধবার সকালে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করতে তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাবসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা।


