আমাদেরও মুক্তিযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে : খোরশেদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪৬ পিএম
নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আমরা মুক্তিযোদ্ধাদের কাছে চিরঋণী। তাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তারা জীবন বাজী রেখে আমাদের মানচিত্র ও পতাকা এনে দিয়েছে।
এই মানচিত্র ও পতাকাকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড় করাতে আমাদেরও মুক্তিযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের ঘুষ, দূর্নীতি, মাদক, সন্ত্রাস ও নীতিহীনতার বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে একটা শক্তিশালী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে হবে।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্তান মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের পূর্বে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা ও মিলাদ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও জীবিতদের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা ইকরামুল হক।


