সরকারি কর্মকর্তা ফোরামের প্রতিবাদ সভা ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৫:৩৯ পিএম
কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে ‘জাতিরপিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করে সরকারি কর্মকর্তা ফোরাম নারায়ণগঞ্জ।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অধিনায়ক-বিজিবি, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন ও উপ-পরিচালক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরসহ জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারি প্রতিনিধিগণ।
এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন, সংরক্ষণ ও সুরক্ষা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী ভাস্কর্যের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কর্তব্য।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান একই সূত্রে গাথা। জাতির পিতার ভাস্কর্য, প্রতিকৃতি ও ম্যুরাল বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক।
এ সময় জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় চেতনার পরিপন্থী উল্লেখ করে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দাজানান। ভাস্কর্যে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
সমাবেশে জেলার সরকারি সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।


