নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম-এর ব্যানারে ২০টি সংগঠনের সমন্বয়ে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া ও ব্যস্ততম এলাকা সাইনবোর্ডে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাইনবোর্ড ও চাষাঢ়ার মতো অত্যন্ত ব্যস্ত ও জনবহুল এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। বিভিন্ন সময়ে ব্রিজের দাবি জানানোর পরও এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে না।
দীর্ঘদিনের এই দাবিতে সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন বলে বক্তারা এ সময় আশা প্রকাশ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরামের প্রধান উপদেষ্টা আরেফিন রওশন হৃদয়, অভিজিৎ সাহা, অপু রায়হান, সংগঠনের সভাপতি মেহরাব হোসেন অপু, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার শুভ, সহসভাপতি মো. আব্দুর রাকিব, যুগ্ম সম্পাদক হাসিব সরকার, আশরাফুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মুন্না, আরিয়ান ইসলাম নোমান, অর্থ সম্পাদক সামসুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এর বাইরেও বেশ কিছু সংগঠন এ সময় একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন নারায়ণগঞ্জস্থান এর নেতৃত্বে ২০টি সংগঠনকে নিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি নামের ওই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।


